চট্টগ্রাম নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এ নির্বাচনে জনগণ সুন্দরভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত মেয়র মনজুর আলমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে যা যা করা দরকার সরকার তা-ই করবে। চট্টগ্রামের উন্নয়ন আরও গতিশীল করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে। সৈয়দ আশরাফ বলেন, সরকার ফলাফল প্রভাবিত করেছে ও কেন্দ্র দখল করেছে বলে বিএনপি যে অভিযোগ করেছে, তা মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হয়েছে। বরং বিএনপির নেতা-কর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ ও কেন্দ্র ঘেরাওয়ের কারণেই প্রিসাইডিং কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কাছে সময়মতো ফলাফল পাঠাতে পারেননি। এ জন্য ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ২০০৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, ‘বিএনপি প্রভাব খাটিয়ে ফলাফল পাল্টাতে চেয়েছিল। কিন্তু জনগণের কারণে পারেনি। এ জন্য পরের দিন ফলাফল দিয়েছে। আমরা ফলফল ঘোষণায় কোনো হস্তক্ষেপ করিনি।’ মন্ত্রী বলেন, ‘শক্তিশালী একটি নির্বাচন কমিশন থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। ভোলার পর চট্টগ্রামের নির্বাচনই এর বড় প্রমাণ। আমরা নির্বাচন কমিশনের কোনো কাজে হস্তক্ষেপ করিনি।’