চট্টগ্রাম পিডিবিতে বিল জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কেন্দ্রীয় কম্পিউটার-ব্যবস্থার ডাটা এন্ট্রি বিভাগে জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের সঙ্গে সমঝোতা করে প্রকৃত বিলের অর্থ কম্পিউটারে পরিশোধ দেখানো হয়। কিন্তু বাস্তবে ওই অর্থ ব্যাংকে জমা হয়নি। বরং গ্রাহকদের কাছ থেকে ওই বিলের তুলনায় কম অর্থ নিয়ে আত্মসাৎ করা হয়। পিডিবির প্রাথমিক তদন্তে কেবল একটি বিক্রয় ও বিতরণকেন্দ্রে ৪৫২ জন গ্রাহকের সাড়ে ১২ লাখ টাকারও বেশি আত্মসাতের তথ্য পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রাহকদের সঙ্গে দৈনিক ভিত্তিতে কাজ করা কর্মচারীদের যোগসাজশে এই জালিয়াতি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে পিডিবির একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শুধু সাধারণ কর্মচারীদের ওপর অনিয়মের দায় চাপানোর সুযোগ নেই। সংশ্লিষ্ট বিক্রয় বিভাগের কর্মকর্তারা এর দায়দায়িত্ব এড়াতে পারেন না। অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানির পর কম্পিউটার বিভাগের সাইফুল ইসলাম নামে একজন দৈনিকভিত্তিক (ক্যাজুয়েল) কর্মচারী আত্মগোপন করেন। তিনি চট্টগ্রাম পিডিবির কম্পিউটার বিভাগের ‘সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর’ হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি দিনাজপুরে। সাইফুলের স্ত্রীও চট্টগ্রাম পিডিবির প্রধান কার্যালয়ে প্রিপেইড সার্ভিস বিভাগে কাজ করেন। গত ৪ এপ্রিল থেকে তাঁরা দুজনেই কর্মক্ষেত্রে আসছেন না। পিডিবি সূত্র জানায়, জালিয়াতির অভিযোগ পাওয়ার পর চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পশ্চিম) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এপ্রিলের প্রথম সপ্তাহে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত সোমবার কমিটির সদস্যরা প্রথম বৈঠকে বসেন। তাঁরা বিভিন্ন ব্যাংক, গ্রামীণফোনের বিল পে সেন্টার ও কম্পিউটারের বিলের খোঁজখবর নেওয়া শুরু করেন। কমিটির প্রধান নজরুল বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছি। প্রাথমিক পর্যায়ে কম্পিউটার বিভাগের লোকজনকে এ অনিয়মের জন্য দায়ী করা হচ্ছে। আমার মনে হয়, কেবল তাঁদের দোষ দিয়ে লাভ নেই। বিক্রয় বিভাগের কর্মকর্তারাও দায় এড়াতে পারেন না। আমরা শিগগিরই একটি প্রতিবেদন দেব। পূর্ণাঙ্গ তদন্তের পর আরেকটি প্রতিবেদন দেওয়া হবে।’ জানা গেছে, চট্টগ্রাম পিডিবির কম্পিউটার বিভাগের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩৮ জনই দৈনিক মজুরির ভিত্তিতে (ক্যাজুয়েল) কাজ করেন। তাঁরাই বৃহত্তর চট্টগ্রামের ১৪ লাখ গ্রাহকের মাসিক বিল কম্পিউটারে তৈরি ও বিলের আদায় করা অর্থের হিসাব কম্পিউটারে সংরক্ষণ করেন। অভিযোগ পাওয়া গেছে, কম্পিউটার বিভাগের কিছু কর্মচারী গ্রাহকদের সঙ্গে যোগসাজশ করে বিলের অর্থ নিজেরা নিয়ে নেন। অথচ পুরো টাকা ব্যাংক অথবা গ্রামীণফোন বিল পে সেন্টারে পরিশোধ হয়েছে মর্মে জালিয়াতি করে কম্পিউটারের পরবর্তী মাসের বিল গ্রাহককে দেওয়া হয়। আগ্রাবাদ বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন দাবি করেন, ‘কম্পিউটার বিভাগের অনিয়মের সঙ্গে বিক্রয় ও বিতরণ বিভাগের লোকজন জড়িত নন। কারণ আমরা তো কম্পিউটারে কীভাবে বিলের কাজ করতে হয় জানি না।’ জানা যায়, পিডিবি গত বছরের ২৭ ডিসেম্বর দৈবচয়ন পদ্ধতিতে আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ বিভাগের চারজন গ্রাহকের বিলের রসিদ পরীক্ষা করেন। কম্পিউটারে এসব বিল ব্যাংক এবং গ্রামীণফোনের বিল পে সেন্টারের মাধ্যমে পরিশোধ দেখানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক ও বিল পে সেন্টারে গিয়ে দেখা যায়, এ অর্থ পরিশোধ করা হয়নি। ওই চার বিলের পরিমাণ ছিল এক হাজার ৯৬১ টাকা। গত ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ বিভাগের মোট ৪৫২ গ্রাহকের বিল পরীক্ষা করে দেখা যায়, ব্যাংকে জমা না দিয়ে এসব গ্রাহকের দেওয়া ১২ লাখ ৫৩ হাজার টাকার বিল আত্মসাৎ করা হয়েছে। এরপর বিষয়টি চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলীর নজরে আনা হয়। প্রধান প্রকৌশলী এপ্রিলের শুরুতে চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পশ্চিম) নজরুলের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। পিডিবি চট্টগ্রাম কেন্দ্রের সিস্টেম এনালিস্ট মানিকচন্দ্র ঘোষ বলেন, ‘অনিয়ম ধরা পড়ায় এখন সুদসহ বিলের পুরো অর্থ নতুন করে গ্রাহককে পরিশোধ করতে হবে। আমরা সেভাবেই বিল তৈরি করছি।’ কমিটির সদস্যরা ধারণা করছেন, আগ্রাবাদ বিক্রয় বিভাগের মতো প্রতিটি বিক্রয় কেন্দ্রেই এ ধরনের জালিয়াতির ঘটনা থাকতে পারে।