চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি সরকার-সমর্থক শ্রমিকদের
চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি দিয়েছে ডক-বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। চলতি সপ্তাহে তিন দিন এবং আগামী মাসের প্রথম তিন দিন এ কর্মসূচি পালন করা হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বলেন, ছয় দিনে মোট ১৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে আগামী সোম, মঙ্গল ও বৃহস্পতিবার—প্রতিদিন দুই ঘণ্টা করে এবং আগামী ১ থেকে ৩ আগস্ট প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। দিনের প্রথম পালায় অর্থাৎ সকাল আটটা থেকে শুরু হবে কর্মবিরতি। লিখিত বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের জন্য ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করেছে। অথচ এখনো শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়নি।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের ছয়টি সাধারণ পণ্যবাহী জেটিতে পণ্য ওঠানো-নামানোর জন্য দরপত্রের মাধ্যমে নতুন ছয়জন বেসরকারি অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। আর ছয়টি কনটেইনার জেটিতে দরপত্রের মাধ্যমে বেসরকারি অপারেটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে। ঠিক এমন সময়ে হঠাৎ শ্রমিক সংগঠনটির এ ধরনের কর্মসূচি দেওয়ায় বন্দর কর্মকর্তা ও ব্যবহারকারীরা উদ্বিগ্ন।চট্টগ্রাম বন্দরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের উদ্দেশ্যে যাচাই-বাছাই করে বন্দরের একটি কমিটি। কমিটি প্রায় দুই হাজার ৭০০ শ্রমিককে কাজের জন্য সক্ষম বলে নিয়োগ দেওয়ার সুপারিশ করে। কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এস আরিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের চাকরি ও ন্যায্য মজুরি নিশ্চিত করা হয়েছে। এর বাইরে শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নতুন নিয়োগ পাওয়া বেসরকারি অপাটেরদের মাধ্যমে শ্রমিকেরা কাজ পাচ্ছেন। এ পরিস্থিতিতে হঠাৎ কর্মসূচি দেওয়া ঠিক হচ্ছে না। প্রয়োজনে তাঁদের সঙ্গে আলোচনায় বসব।সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, যাচাই করা শ্রমিকদের চাকরিতে পুনঃনিয়োগ, পরিচয়পত্র প্রদান, ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালু, শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণসহ কল্যাণমূলক সুযোগ-সুবিধা চালুর দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌপরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে শ্রমিকদের কল্যাণমূল্যক বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাই করে বন্দর কর্তৃপক্ষ।