চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে গেছে জাহাজ
চট্টগ্রাম বন্দর চ্যানেলে আজ শুক্রবার দুপুরে কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজ আটকে গেছে। এতে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে।বন্দর সূত্র জানায়, আজ বেলা একটার দিকে পণ্যভর্তি কনটেইনার নিয়ে এমভি হানজিন সেমুরাং জাহাজ জেটিতে ঢোকার মুখে আটকে যায়। বন্দর চ্যানেলের ১ থেকে ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় চ্যানেলের দক্ষিণ পাশে এটি মাটিতে আটকে যায়।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, জাহাজটি আটকে যাওয়ার আগে বহির্নোঙর থেকে জেটিতে ১১টি জাহাজ চলাচল করেছে। আটকে যাওয়ার কারণে শুধু এই জাহাজটি জেটিতে ভিড়তে পারেনি। তবে রাতের জোয়ারের সময় এটি সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান। এটি সরিয়ে নেওয়া সম্ভব হলে জাহাজ চলাচলে বাধা দূর হবে।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে জোয়ারের সময় মূলত জাহাজ চলাচল হয়। এখন ভাটা থাকায় এমনিতে এ সময় জাহাজ চলাচল করে না। তবে জেটিতে আটকে যাওয়ার কারণে রাতের জোয়ারের সময় জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।