চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে থাকা ট্যাংকার সরানো যায়নি
চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে গতকাল শনিবার বালি-মাটিতে আটকে যাওয়া ভোজ্যতেলবাহী ট্যাংকারটি এখনো সরানো যায়নি। গতকাল রাতে টাগবোটের সাহায্যে ট্যাংকারটি নামিয়ে আনতে না পেরে এতে থাকা ভোজ্যতেল খালাস শুরু হয়। বন্দর ও জাহাজের স্থানীয় প্রতিনিধি সূত্রে জানা গেছে, জাহাজটির সাড়ে ১৪ হাজার টন ভোজ্যতেল থেকে গতকাল রাতে এক হাজার ৩৬০ টন খালাস করা হয়। আজ রোববার দুপুর থেকে আবার খালাস শুরু হয়েছে। চট্টগ্রামের মোস্তফা গ্রুপের আমদানি করা সাড়ে তিন হাজার টন ভোজ্যতেল খালাসের পর জাহাজের গভীরতা কমে গেলে এটি অপসারণের চেষ্টা করা হবে। সে ক্ষেত্রে সোমবার দুপুরে জোয়ারের সময় ট্যাংকারটি নামিয়ে আনার চেষ্টা করা হবে।জাহাজের স্থানীয় প্রতিনিধি ইউরো শিপিং লিমিটেডের মহাব্যবস্থাপক তৌফিক হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশি আমদানিকারকদের ভোজ্যতেল খালাস শেষে ভারতীয় ব্যবসায়ীদের আমদানি করা ভোজ্যতেল সামনের দিকে ট্যাংকে স্থানান্তর করা হবে। এতে জাহাজের সঠিক ভারসাম্য তৈরি হলে এটি নামিয়ে আনার চেষ্টা করা হবে।