চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে আটকে গেছে ভোজ্যতেলবাহী ট্যাংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় দিক হারিয়ে চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে সিডপলিন নামে অপরিশোধিত ভোজ্যতেলবাহী একটি ট্যাংকার আটকে গেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জোয়ারের সময় বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার পথে ট্যাংকারটি আটকে যায়। জাহাজটিতে ভারত ও বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা ৯০ কোটি টাকার অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে। যোগাযোগ করা হলে বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে ট্যাংকারটি চ্যানেলের প্রবেশমুখের ডানদিকে আটকে যায়। আশা করি, রাতেই (শনিবার) জোয়ারের সময়ে জাহাজটি সরিয়ে নেওয়া যাবে। তবে ট্যাংকার আটকে গেলেও বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।’বন্দর সূত্রে জানা গেছে, গতকাল জোয়ারের সময় চারটি জাহাজ বন্দরের জেটিতে ভিড়েছে। এ ছাড়া তিনটি জাহাজ বন্দর ত্যাগ করেছে। জোয়ারের সময় সিডপলিন নামের এ ট্যাংকারটি বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আনছিলেন বন্দরের পাইলট মনজুর মাওলা।মনজুর মাওলা বলেন, ‘চ্যানেলের প্রবেশমুখে পৌঁছার পর হঠাত্ ঘন কুয়াশার ঝাপটায় কিছু দেখিনি। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি চ্যানেলের প্রবেশমুখের ডানদিকে চলে যায়। সকালে দুটি টাগবোটের মাধ্যমে ট্যাংকারটি নামিয়ে আনার চেষ্টা করিয়েও সম্ভব হয়নি।’ জাহাজের স্থানীয় প্রতিনিধি ইউরো শিপিং লিমিটেড সূত্রে জানা গেছে, ২৪ হাজার ৫২৪ টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে সিডপলিন নামের ট্যাংকারটি গত মঙ্গলবার বন্দরের বহির্নোঙরে আসে। বহির্নোঙরে এসএ গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির আমদানি করা সাড়ে নয় হাজার ভোজ্যতেল খালাস করা হয়। এর বাইরে ভারতের আমদানিকারকদের ১১ হাজার টন এবং চট্টগ্রামের মোস্তফা গ্রুপের আমদানি করা সাড়ে তিন হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে। মোস্তফা গ্রুপের আমদানি করা তেল খালাস করে ট্যাংকারটি ভারতে যাওয়ার কথা ছিল। এ সাড়ে ১৪ হাজার ভোজ্যতেলের দাম ৯০ কোটি টাকা বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে।ইউরো শিপিং লিমিটেডের মহাব্যবস্থাপক তৌফিক হোসেন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা দরকার। বড় জাহাজ চালানোর ক্ষেত্রে অভিজ্ঞ পাইলটের দায়িত্ব দেওয়া প্রয়োজন।