চট্টগ্রাম বন্দর প্রস্তুত, সমস্যা পরিবহনে
চট্টগ্রাম বন্দরে এখন যে সুযোগ-সুবিধা আছে, তাতে ট্রানজিটের পণ্য জেটিতে ওঠানো-নামানো (হ্যান্ডলিং) সম্ভব। কিন্তু এই পণ্যভর্তি কনটেইনার বন্দরে আনা-নেওয়ার মতো পর্যাপ্ত সুবিধা নেই। এ জন্য সড়ক, রেল কিংবা নৌপথে কনটেইনার পরিবহনের বাড়তি সুযোগ সৃষ্টি করতে হবে। বন্দর কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। ট্রানজিটের পণ্য পরিবহন-সংক্রান্ত চট্টগ্রাম বন্দরের এক প্রতিবেদনে বলা হয়, এ বন্দরে কনটেইনার রাখার যে সুবিধা রয়েছে, গড়ে তার ৫৭ শতাংশ প্রতিদিন ব্যবহার হচ্ছে, অর্থাৎ প্রতিদিন ব্যবহার করার মতো আরও অন্তত ৪৩ শতাংশ সুবিধা থাকছে।একইভাবে পণ্য রাখার যে গুদামসুবিধা রয়েছে, তার ৫৪ শতাংশ ব্যবহূত হয় অর্থাৎ আরও ৪৬ শতাংশ পণ্য রাখার সুবিধা কাজে লাগানোর সুযোগ আছে। বন্দরে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর মতো পর্যাপ্ত যন্ত্রপাতিও রয়েছে। পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন করে নতুন কেনা হচ্ছে। ফলে যন্ত্রের দিক থেকে সমস্যা নেই।প্রতিবেদনে বলা হয়, অব্যবহূত কনটেইনার রাখার সুবিধার ১৩ শতাংশ ব্যবহার করা গেলে বছরে ২০ লাখ ৫০ হাজার একক বাড়তি কনটেইনার রাখা সম্ভব হবে। আর পণ্য রাখার অব্যবহূত সুবিধা থেকে মাত্র ১৬ শতাংশ ব্যবহার করলে বছরে বাড়তি ৯০ লাখ মেট্রিক টন পণ্য বন্দরের জেটিতেই রাখা যাবে।ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ট্রানজিটের পণ্য বছরে দুই লাখ টিইইউএস হবে বলে বন্দরকে ধারণা দেওয়া হয়েছে।ট্রানজিট-সংক্রান্ত সরকারি বৈঠকগুলোয় বন্দরের প্রতিনিধিত্ব করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ও যুগ্ম সচিব নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন বৈঠকে বলা হয়েছে, ট্রানজিট চালু হলে প্রাথমিকভাবে বছরে দুই লাখ কনটেইনার হ্যান্ডলিং করতে হবে। প্রতি বছর এটা দুই শতাংশ হারে বাড়বে। ফলে বন্দরের বর্তমান সুবিধায় পণ্য উঠানো-নামানো কঠিন কিছু নয়। কিন্তু ওই কনটেইনার সড়ক কিংবা রেলপথে পরিবহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। কারণ, এ দুই পথের সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়।বন্দরের সুবিধা: গত অর্থবছরে (২০১০-১১) চট্টগ্রাম বন্দর দিয়ে মোট ১৪ লাখ ৬৯ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো করা হয়, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। এর আগের বছরগুলোতে বন্দরের এই প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ। হঠাৎ করে তা ২১ শতাংশে উন্নীত হয়।জানা যায়, কনটেইনারের পাশাপাশি ২০১০-১১ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে খোলা পণ্য (বাল্ক) পরিবহন করা হয় সাড়ে চার কোটি মেট্রিক টন। এক সময় চাল-ডালজাতীয় পণ্য শতভাগ খোলা অবস্থায় (বাল্ক) আসত। এখন সেটাও দ্রুত কনটেইনারে ভরে আমদানি হচ্ছে।বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে ২০ লাখ টিইইউএস কনটেইনার পরিবহনের সুবিধা আছে।চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) খায়রুল মোস্তফা জানান, ঈদের পর কনটেইনার ওঠানো-নামানোর স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস চালু হবে। এতে বন্দরের কনটেইনার রাখা এবং ওঠানো-নামানোর সুযোগ-সুবিধা আরও অন্তত ৫০ শতাংশ বেড়ে যাবে। ফলে ট্রানজিটের পণ্য ও কনটেইনার সহজেই ওঠানো-নামানো করা যাবে।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চারটি জেটির মধ্যে দুটিতে এখন আংশিক কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। নতুন ১০টি গ্যান্ট্রিক্রেন বসিয়ে পুরোদমে কাজ শুরু হলে এই টার্মিনালে বছরে ১০ লাখ টিইইউএস কনটেইনার ওঠানো-নামানোর সুযোগ সৃষ্টি হবে। বেসরকারি ব্যবস্থাপনায় এই কনটেইনার টার্মিনাল আগামী বছর থেকে পুরোদমে চালুর পরিকল্পনা রয়েছে।এটি চালু হলে বন্দরে বছরে ৩০ লাখ টিইইউএস কনটেইনার ওঠানো-নামানোর সুযোগ হবে, যা বর্তমানের বছরে যা হচ্ছে তার দ্বিগুণেরও বেশি। সূত্রমতে, বন্দরের ১১, ১২ ও ১৩ নম্বরে এখন কোনো জাহাজ ভিড়ে না। এই তিন জেটি নিয়ে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল (কেসিটি) নামে আরও একটি আধুনিক টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ সালের মধ্যে কেসিটিতে কনটেইনার ওঠানো-নামানো শুরুর পরিকল্পনা আছে। এটি চালু হলে চট্টগ্রাম বন্দরে বছরে ৪০ লাখ টিইইউএস কনটেইনার ওঠানো-নামানোর সুবিধা সৃষ্টি হবে।বন্দরের হিসাবে দেখা যায়, প্রবৃদ্ধির বর্তমান ধারা বজায় থাকলে ২০১৬ সালে বন্দর দিয়ে পরিবহনযোগ্য কনটেইনারের পরিমাণ দাঁড়াবে ২৩ লাখ ৬৩ হাজার ১১৬ টিইইউএস।পরিবহনে সমস্যা প্রকট: চট্টগ্রাম বন্দর থেকে ট্রানজিটের পণ্য পরিবহনের জন্য রেলপথ, সড়ক ও নদীপথ ব্যবহারের সুযোগ রয়েছে। বর্তমানে নদীপথে কোনো কনটেইনার পরিবহনের ব্যবস্থা নেই। তবে নারায়ণগঞ্জের পানগাঁওতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) ও বন্দরের যৌথ উদ্যোগে একটি অভ্যন্তরীণ পণ্যাগার (আইসিডি) গড়ে তোলার পর থেকে চট্টগ্রাম থেকে নদীপথে কনটেইনার পরিবহনের ব্যবস্থা হচ্ছে। এরই মধ্যে এই পথে কনটেইনারবাহী জাহাজ পরিচালনায় আগ্রহী মালিকদের কাছ থেকে প্রস্তাব চেয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।ঢাকা-চট্টগ্রামের সড়কপথ ও রেলপথে বর্তমানে বন্দরের কনটেইনার ও পণ্য পরিবহন হচ্ছে। তবে মহাসড়ক পরিস্থিতি যে অবস্থায় গেছে, তাতে নতুন করে কোনো কনটেইনার পরিবহন সম্ভব নয়। রেললাইন রক্ষণাবেক্ষণের অভাব, একের পর এক স্টেশন বন্ধ হওয়া এবং সর্বোপরি রেলইঞ্জিন ও ওয়াগনের অভাবে এ পথে বর্তমান পরিস্থিতিতে বাড়তি কনটেইনার পরিবহন করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।গবেষক-অর্থনীতিবিদ মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-ঢাকা রেলপথ ও মহাসড়কের বর্তমান যে অবস্থা, তাতে কোনোভাবেই ভারতীয় পণ্য এ দুই পথে পরিবহন করা যাবে না। বিকল্প হতে পারে শুধু নদীপথে আশুগঞ্জ পর্যন্ত কনটেইনার নিয়ে গিয়ে সেখান থেকে সড়কপথে সীমান্ত পার করে দেওয়া। আর সড়কপথে যদি ট্রানজিটের পণ্য পরিবহন করতেই হয়, তাহলে তা সমুদ্র উপকূলবর্তী এলাকা দিয়ে আলাদা মহাসড়ক তৈরি করে সেই সড়ক রামগড় পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর সীমান্ত অতিক্রমের ব্যবস্থা করতে হবে। এটার জন্য আরও কয়েক বছর লাগবে।বন্দর কর্মকর্তারা জানান, বর্তমানে ঢাকামুখী পণ্যভর্তি কনটেইনার ঢাকার কমলাপুরে স্থাপিত বন্দরের পরিচালনাধীন অভ্যন্তরীণ পণ্যাগারের (আইসিডি) মাধ্যমে পরিবহনের ব্যবস্থা রয়েছে। প্রতি দিন একটি ট্রেন কমলাপুর থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম আসে এবং অন্য একটি চট্টগ্রাম থেকে যায়। এতে প্রতি দিন ১২০টি করে মোট ২৪০ টিইইউএস কনটেইনার পরিবহনের কথা। কিন্তু বাস্তবে কোনো দিন গড়ে দেড়-দুই শ টিইইউএসের বেশি কনটেইনার পরিবহন করা সম্ভব হচ্ছে না। রেলওয়ের ইঞ্জিন ও ওয়াগন-স্বল্পতার কারণে ঢাকায় কনটেইনার আনা-নেওয়ার পরিমাণ কমে যাচ্ছে বলে পরিসংখ্যান বলছে।বন্দরের হিসাবে দেখা যায়, আগে ১০ শতাংশ কনটেইনার ট্রেনে পরিবহন করা হতো। এখন তা আট-সাড়ে আট শতাংশে নেমে এসেছে। বেসরকারি অভ্যন্তরীণ পণ্যাগারগুলোতে (ডিপো) যাচ্ছে ১৫ থেকে ১৮ শতাংশ কনটেইনার। ফলে ৭০ থেকে ৭২ শতাংশ কনটেইনারে পণ্য এখনো বন্দর জেটির সংরক্ষিত এলাকার মধ্যে খুলে ট্রাক-কাভার্ড ভ্যানে করে তা বন্দরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।পরিবহনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানান, ট্রানজিটের কনটেইনারের অর্ধেক অর্থাৎ বছরে এক লাখ টিইইউএস সড়কপথে পরিবহনের উদ্যোগ নিলে প্রতিদিন বাড়তি অন্তত তিন শতাধিক কনটেইনারবাহী লম্বা লরি রাস্তায় নামাতে হবে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্তমান যে দুরবস্থা এবং যে অস্বাভাবিক যানজট, তাতে নতুন করে কনটেইনারবাহী লরি নামলে সড়ক চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী ও বন্দর গবেষক সুলতান মাহমুদ মনে করেন, ট্রানজিট চালু করতে হলে বিকল্প সড়কব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, ঢাকা থেকে একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরে আনা-নেওয়া করতেই ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। ভারতে কনটেইনার পাঠানো এ মুহূর্তে কঠিন হবে।