চট্টগ্রাম বন্দরে অবসরে যাওয়া শ্রমিকদের চাকরিই যত সমস্যা
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত চার শ্রেণীর সাত হাজারের মতো শ্রমিক বছর দুয়েক আগে প্রায় ১৫১ কোটি টাকা পাওনা নিয়ে স্বেচ্ছায় অবসরে যান। তাঁদের প্রায় অর্ধেক শ্রমিক দিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় বন্দরের স্বাভাবিক কাজ চালু রাখা হয়েছিল। ওই শ্রমিকদের মধ্যে আড়াই হাজারের মতো এখন তাঁদের চাকরি এবং সুযোগ-সুবিধা ফিরে পেতে আন্দোলন করছেন। এর ফলে বন্দরে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।এসব শ্রমিক গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত বন্দরের সাধারণ পণ্যবাহী জেটিতে সব কাজ বন্ধ করে দেন। গত ২৯ জুন বিকেল চারটা থেকে লেসিং-আনলেসিং ডক শ্রমিকদের আন্দোলনের কারণে বন্দরের কাজ টানা ২১ ঘণ্টা বন্ধ ছিল। এর আগে হুইন্সম্যান শ্রমিকদের আন্দোলনে বন্দরের কাজ সাময়িক বন্ধ ছিল। পণ্য ওঠানো-নামানোর সময় যন্ত্রের সঙ্গে কনটেইনার বাঁধা ও খোলার কাজ করেন লেসিং-আনলেসিং শ্রমিকেরা। জাহাজের ক্রেন চালানোর কাজ করেন হুইন্সম্যানরা।বন্দর সূত্র জানায়, বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে ডক শ্রমিকদের জন্য একটি শ্রমিক সংগঠন করার বিধান করে। গত ৩ মে শ্রমিকদের চারটি সংগঠন উচ্চ আদালতে রিট করলে আদালত ওই ধারার ওপর স্থগিতাদেশ দেন। ফলে চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের জন্য একটি সংগঠন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অথচ ২০০৭ সাল থেকে মংলা বন্দরে ডক শ্রমিকদের সব সংগঠন একীভূত করে একটি সংগঠন করা হয়।বন্দরের পরিচালক (পরিবহন) এ কে এম মোয়াজ্জেম হোসাইন প্রথম আলোকে বলেন, ’শ্রমিকদের ব্যাপারে আমরা কঠোর অবস্থান নিয়েছি। এখন থেকে কাজ শুরুর আধঘণ্টা আগে কাজ পাওয়া শ্রমিকদের গেট পাস দেখে জেটির ভেতরে ঢুকতে দেওয়া হবে।’ বন্দরের হিসাবে দেখা যায়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির আগে জাহাজের পণ্য ওঠানো-নামানোর কাজ ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। এ বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকদের চিকিৎসা, আবাসন, যাতায়াতসহ বিভিন্ন প্রান্তিক সুবিধা নিশ্চিত করা হতো। এ সময় প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া, ঘুষ-বকশিশসহ আমদানি-রপ্তানিকারকদের নানা ভোগান্তি এবং বাড়তি অর্থ ব্যয়ের মধ্যে পড়তে হতো।জরুরি অবস্থা জারির পর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করা হয়। বন্দরের কাজ পরিচালনার জন্য বেসরকারি সংস্থা বার্থ অপারেটরদের তাদের চাহিদামতো যেকোনো শ্রমিক নিয়োগের সুযোগ দেওয়া হয়। এর আগে শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে চার হাজার ২৯১ জন ডক শ্রমিক, দুই হাজার ১০০ মার্চেন্ট শ্রমিক এবং এক হাজার ৪৩৫ জন স্টিভিডোরস কর্মচারী তাঁদের যাবতীয় পাওনা বুঝে নিয়ে অবসরে যান।বন্দরের শ্রমিক সূত্রে জানায়, গত বছরের শুরুর দিকে আওয়ামী লীগ-সমর্থিত পাঁচটি শ্রমিক সংগঠনের জোট ‘চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন’ অবসরে যাওয়া শ্রমিকদের ফেরত আনার উদ্যোগ নেয়। লাগাতার সভা-সমাবেশ, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা চাকরি এবং হারানো প্রান্তিক সুযোগ-সুবিধা বহালের দাবিতে আন্দোলন শুরু করে। তারা বিলুপ্তঘোষিত ডক শ্রমিক পরিচালনা বোর্ড পুনর্বহালের দাবি তোলে।আন্দোলনকারী শ্রমিকনেতারা ইতিমধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে তিন দফায় বৈঠক করেন। তাঁরা শ্রমিকদের কিছু সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ডক পরিচালনা বোর্ড বিলুপ্ত হওয়ায় এবং শ্রমিকদের নিয়োগের দায়িত্ব বার্থ অপারেটরদের হাতে থাকায় শ্রমিকদের কর্মসংস্থান এবং অতিরিক্ত সুযোগ-সুবিধার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এ অনিশ্চয়তা থেকেই শ্রমিকেরা আবার আন্দোলনমুখী হয়ে ওঠে।পাওনা বুঝে নেওয়ার আড়াই বছর পর কেন আবার নিয়োগ ও সুযোগ-সুবিধার জন্য আন্দোলন করছেন—জানতে চাইলে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘তখন শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া হয়নি। যৌথ বাহিনীর চাপের মুখে শ্রমিকেরা চাকরি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তিনি বলেন, ‘আগে শ্রমিকেরা চিকিৎসা, পরিবহন, আবাসন-সুবিধা পেতেন। এখন সব কেড়ে নেওয়া হয়েছে। এ জন্য আমরা আন্দোলন করছি।’