রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় কনটেইনার ওঠানো-নামানোর সময় বাড়ানো হয়েছে। খালাসের অপেক্ষায় পড়ে থাকতে হচ্ছে বলে বন্দরে কনটেইনারের জটও দেখা দিয়েছে। আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বন্দরেও চট্টগ্রামমুখী কনটেইনারের স্তূপ জমছে। এসব কনটেইনার চট্টগ্রাম বন্দরে নিয়ে আসতে এ মাসে ১০-১১টি বাড়তি জাহাজ নামানো হয়েছে। জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার বড় জাহাজ থেকে নামিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বন্দরে রাখা হয়। এরপর এসব বন্দর থেকে ফিডার জাহাজে করে কনটেইনার আনা-নেওয়া হয় চট্টগ্রাম বন্দরে। এই নৌপথে আগে ৩৬টি জাহাজ নিয়মিত চলাচল করত। আমদানি বেড়ে যাওয়ায় এখন নিয়মিত-অনিয়মিত চলাচলরত জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬-৪৭টিতে। জানতে চাইলে ফিডার অপারেটর সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নৌপথে সাময়িক সময়ের জন্য ১০-১১টি বাড়তি জাহাজ যুক্ত হওয়ায় সিঙ্গাপুর, পোর্ট কেলাং ও কলম্বো বন্দরে চট্টগ্রামমুখী আমদানি পণ্যভর্তি কনটেইনার জমে থাকবে না। তবে অস্থিরতার কারণে বন্দরে কনটেইনারের অবস্থানের সময় বেড়ে যাওয়ায় জাহাজ থেকে কনটেইনার নামাতে সময় বেশি লাগছে। পরিস্থিতি সামাল দিতে জাহাজে রপ্তানির পণ্য বোঝাইয়ের সময়সীমা ২৪ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগে যেদিন জাহাজ ভিড়ত, সেদিন রাত আটটায় রপ্তানি কনটেইনার বন্দরে আনার শেষ সময় নির্ধারিত ছিল। এখন এই সময়সীমা ২৪ ঘণ্টা বাড়িয়ে জেটিতে জাহাজ ভেড়ার পরদিন রাত আটটা পর্যন্ত করা হয়েছে। আবার আগে যেখানে জাহাজ থেকে আমদানি কনটেইনার খালাসে ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় লাগত এখন সেখানে দ্বিগুণের বেশি সময় লাগছে। কারণ, বন্দর চত্বরের ধারণক্ষমতার প্রায় ৭৮ শতাংশ জায়গাজুড়ে পড়ে আছে কনটেইনার। বন্দর কর্তৃপক্ষ বাধ্য হয়ে ২৬ এপ্রিলের মধ্যে খালি কনটেইনার অপসারণ না করলে চার গুণ হারে দণ্ডভাড়া আরোপের নোটিশ দিয়েছে।