চট্টগ্রাম বন্দরে কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ
চট্টগ্রাম বন্দরে এক পরিচালকের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, পরিচালক (প্রশাসন) মহিবুল হক তাঁর মেয়েজামাইয়ের নিয়োগ নিশ্চিত করার পর এবার মেয়েকে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ দিতে নানাভাবে চেষ্টা-তদবির চালাচ্ছেন।বন্দর সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ শূন্যপদে প্রায় দেড় হাজার নতুন নিয়োগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নয় মাস আগে অনুমোদন পেয়েছে। এর মধ্যে কর্মকর্তার সংখ্যা প্রায় ১০০। বাকিরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। পর্যায়ক্রমে এসব নিয়োগ-প্রক্রিয়া গত জানুয়ারি থেকে শুরু হয় বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, মহিবুল হক পদাধিকারবলে বন্দরের পরিচালক (প্রশাসন) নিয়োগ কমিটির সদস্য-সচিব। এই পদে থাকার সুবাদে তিনি প্রতিযোগিতামূলক প্রশ্নপত্র তৈরির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। মহিবুল হকের জামাতা বন্দরের বালু উত্তোলনকারী জাহাজ ‘খনক’-এ সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন গত ২০০৯ সালে। অভিযোগ রয়েছে, মহিবুল হক তাঁর প্রভাব খাটিয়ে তিন মাসের মধ্যে জামাতাকে প্রকৌশল (পুরকৌশল) বিভাগে স্থায়ীভাবে বদলি করে আনেন। এখন মেয়েকে ওই একই বিভাগে চাকরি দেওয়ার চেষ্টা করছেন তিনি। বন্দরের বর্তমান পরিচালক (প্রশাসন) সরকারের প্রশাসন ক্যাডারের একজন উপসচিব। প্রেষণে তিনি চট্টগ্রাম বন্দরে কাজ করছেন চার বছর ধরে। বন্দর সূত্র জানায়, মহিবুল হকের মেয়ে পাঁচ মাস আগে চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক পদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলেও প্রয়োজনীয়-সংখ্যক নম্বর না পাওয়ায় নির্বাচিত হতে পারেননি। এ ক্ষোভে তিনি সেই পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বরে নির্বাচিত প্রশিক্ষক হাবিবুর রসুলের নিয়োগ চূড়ান্ত করার কাজে নানাভাবে বাধা সৃষ্টি করেন। এ কারণে ওই ব্যক্তি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও গত পাঁচ মাসে বন্দরের কাজে যোগ দিতে পারেননি। অথচ তাঁর সঙ্গে এবং পরে যাঁরা মনোনীত হন তাঁরা গত তিন-চার মাস ধরে বন্দরে কাজ করছেন। এঁদের মধ্যে বন্দর প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক (কারিগরি) নাজিব উল্লাহও রয়েছেন। নাজিব উল্লাহ ও হাবিব রসুল একই সময়ের পরীক্ষায় মনোনীত হন।গত মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে পরিচালক (প্রশাসকের) দপ্তরে গিয়ে দেখা যায়, মহিবুল হকের কক্ষে তাঁর মেয়ে ও জামাই দুজনই আছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উত্তেজিত হয়ে মহিবুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে কি এ দেশের নাগরিক নয়, সে কি বন্দরে চাকরি পেতে পারে না?’ তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় (নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান) আমাকে টেলিফোনে বলেছেন, “আপনি বন্দরের অনেক লোকের চাকরি দিচ্ছেন। এবার আপনার মেয়ের চাকরি না হলে অন্য কোনো নিয়োগ হবে না।”’ মেয়ে আগে বন্দরের একটি পরীক্ষায় অংশ নিয়ে চাকরি না পাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন মহিবুল হক। পরে একপর্যায়ে তিনি বলেন, ‘শুধু আমার মেয়ে বলে প্রশিক্ষণকেন্দ্রের চাকরিটা তাকে দেওয়া হয়নি। এখন চাইছি মেয়ে ও জামাই দুজনই একই প্রতিষ্ঠানে চাকরি করুক। কারণ আমার চাকরি আর মাত্র এক বছর আছে।’প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক হাবিব রসুলের নিয়োগে বাধা সৃষ্টির বিষয়টি মহিবুল হক অস্বীকার করেননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘ওর (হাবিব রসুল) বয়স তো ৪০ বছর পার হয়ে গেছে, তাকে পরীক্ষায় অংশ নেওয়ার প্রবেশপত্র দেওয়াই ঠিক হয়নি। সে নিয়োগ পাবে কী করে?’ অভিযোগ আছে, আগের পরীক্ষায় প্রশিক্ষক পদে মেয়েকে টেকাতে না পেরে মহিবুল হক পরবর্তী যেকোনো একটি পরীক্ষায় মেয়েকে নিয়োগ দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব জায়গায় চেষ্টা-তদবির করেন। এ জন্য চট্টগ্রাম বন্দরের নিয়োগ-প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের বন্দর শাখার যে কর্মকর্তাকে নিয়মিত পাঠানো হয় তাঁকেও পরিবর্তনের ব্যবস্থা করেন তিনি। কারণ আগের পরীক্ষায় মেয়েকে টেকানোর অনুরোধ করলেও ওই কর্মকর্তা তা করেননি। নতুন যে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও প্রশাসন ক্যাডারের উপসচিব। তবে তিনি মহিবুল হকের চেয়ে কনিষ্ঠ কর্মকর্তা (জুনিয়র)। ওই কর্মকর্তা গতকাল মঙ্গলবার বন্দর ভবনে অবস্থান করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন বলে জানা গেছে।