চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা
চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বন্দরে আজ রোববার পূর্বনির্ধারিত আট ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন শেষে বিকেল পাঁচটায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় বন্দর জেটিগুলোতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ ছিল। ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের উদ্যোগ নিতে গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উদ্যোগ নেন। ঢাকায় বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত সাড়ে সাত ঘণ্টা বৈঠক করেও কোনো সিদ্ধান্ত হয়নি।বন্দর সূত্রে জানা যায়, বন্দরে কোন শ্রমিক কাজ করবেন, সেটা বার্থ অপারেটররা যাচাই-বাছাই করে নির্বাচন করেন। বৈঠকে বার্থ অপারেটররা বলেন, নতুন করে শ্রমিক নিয়োগ করলে কর্মরত শ্রমিকদের কাজ কমে যাবে। কিন্তু বৈঠকে চাকরিচ্যুত শ্রমিকদের দাবি ছিল, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বৈঠকে ২২ জন বার্থ অপারেটর উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌপরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাই করে বন্দর কর্তৃপক্ষ। গত ২৬ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী এ কার্যক্রমে দুই হাজার ৭০০ শ্রমিককে বাছাই করা হয়। বাছাই করা শ্রমিকদের বন্দরের বেসরকারি অপারেটরদের অধীনে নিয়োগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে শ্রমিক সংগঠনটি।