চট্টগ্রাম বন্দরের সাধারণ পণ্যের জেটিতে শ্রমিকদের বাধার কারণে গতকাল বৃহস্পতিবার বেসরকারি ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়নি। শ্রমিকেরা বন্দরের চেয়ারম্যানের সামনেও বিক্ষোভ করেন। ফলে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পাওয়া বেসরকারি বার্থ অপারেটররা কাজ শুরু করতে পারেনি।বন্দর সূত্র জানায়, বেলা ১১টায় সাধারণ পণ্যের জেটিতে বেসরকারি অপারেটরদের কাজ উদ্বোধনের কথা ছিল বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের। এ নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ থাকায় তিনিসহ বন্দরের কর্মকর্তারা বেলা সোয়া দুইটার দিকে জেটিতে যান। সেখানে গাড়ি থেকে নেমে তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ছয়জন বেসরকারি অপারেটর নিয়োগ করেছি। বেসরকারি অপারেটররা এখন থেকে ছয়টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ করবে।’ এই বক্তব্যের পর বন্দরের চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তাঁরা ক্রমঅনুযায়ী শ্রমিক নিয়োগের দাবিতে স্লোগান দেন। এরপর কর্মকর্তারা কাজ শুরু না করেই ফিরে আসেন। বন্দর সূত্র জানায়, সকালে বন্দরের বহির্নোঙর থেকে ৮ নম্বর জেটিতে এসে নোঙর করে এমভি প্যান্থারা নামের একটি জাহাজ। জাহাজটি থেকে পণ্য খালাসের কথা ছিল বেসরকারি বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থার। বন্দরের সাধারণ পণ্যবাহী অন্য ১১টি জেটিতে আগে থেকে নোঙর করা জাহাজ ছিল। এসব জাহাজে পণ্য ওঠানো-নামানো শেষ হলে জেটিগুলোতে নতুন করে নোঙর করা জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ পর্যায়ক্রমে বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এসব জেটিতে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানো চলছে।পঞ্চরাগ উদয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু শ্রমিকদের বাধার কারণে কাজ শুরু করতে পারিনি।’আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ বলেন, বুকিং সেন্টারের মাধ্যমে পালাক্রম অনুযায়ী শ্রমিক নিয়োগ এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে ১ জুলাই বন্দরের এক সভায় সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বন্দরে বেসরকারি অপারেটররা কাজ করতে পারবে না।এই পরিস্থিতিতে বিকেল থেকে বন্দরের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসাইন, শ্রমিক নেতা এবং নিয়োগ পাওয়া ছয়জন অপারেটরের মধ্যে সমঝোতা বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে রাত আটটা থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেননি।বৈঠকে শেষে কে এম মোয়াজ্জেম হোসাইন প্রথম আলোকে বলেন, রাতের মধ্যে কাজ শুরু করতে শ্রমিক নেতারা সম্মত হয়েছেন। প্রসঙ্গত, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ছয়টি সাধারণ জেটিতে বেসরকারি ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানোর কাজের জন্য ছয়জন অপারেটর নিয়োগ করা হয় গত সোমবার। আইনি জটিলতার কারণে ১০ মে মধ্যরাত থেকে এই জেটিগুলোতে বেসরকারি অপারেটরের পরিবর্তে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানো হয়।এর আগে ২০০৭ সালের ১৬ মে থেকে দরপত্র ছাড়াই স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলো ছয়টি সাধারণ পণ্যের জেটি এবং ছয়টি কনটেইনার জেটিতে অপারেটর হিসেবে কাজ করে। সাধারণ পণ্যের জেটিগুলোতে অপারেটর নিয়োগ করা হলেও কনটেইনার জেটিগুলোর দরপত্রে সর্বনিম্ন দরদাতার কাগজপত্রে গরমিল থাকায় কার্যাদেশ দেওয়া হয়নি। এসব জেটির জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হবে।