চট্টগ্রাম বন্দরে কাজ শুরু করেছেন শ্রমিকেরা
নৌপরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম ডক শ্রমিকদের দাবিনামা জমা দেওয়ার আশ্বাসের পর আজ মঙ্গলবার বেলা আড়াইটা থেকে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। চট্টগ্রাম ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালু, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালসহ চার দফা দাবিতে ডক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একদল শ্রমিক সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করে। তারা বন্দর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ফলে বন্দরের একটি অংশে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ ছিল।বিক্ষোভকারী শ্রমিকদের অনেকে কাফনের কাপড় পরে অবস্থান নেন। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল লতিফ এই শ্রমিক সংগঠনটির পৃষ্ঠপোষক ছিলেন বলে জানা গেছে। শ্রমিকেরা গতকাল সোমবার বন্দর এলাকায় সমাবেশ করে কর্মবিরতির ঘোষণা দেন এবং আজ দুপুরে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের একটি বৈঠকের দাবি জানান। পরে বৈঠকে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরে শ্রমিকেরা কাজ শুরু করেন।এদিকে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, কনটেইনার জেটিতে পণ্য ওঠা-নামার কাজ চলেছে। কিন্তু শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের কারণে সাধারণ পণ্যবাহী জাহাজগুলো থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ ছিল।