চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনার রাখার ভাড়া চার গুণ বৃদ্ধি
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে খালি কনটেইনার রাখার ভাড়া গতকাল শনিবার থেকে চার গুণ বাড়ানো হয়েছে। বন্দরের ইয়ার্ডে এখন ধারণক্ষমতার চেয়ে বেশি কনটেইনার আছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভাড়া বাড়ানো হয় বলে জানা গেছে। তবে চার গুণ ভাড়া বাড়ানোকে অযৌক্তিক দাবি করেছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির হিসাবে, অস্বাভাবিক হারে এ ভাড়া বাড়ানোর কারণে প্রতিদিন জাহাজ কোম্পানিগুলোকে কোটি টাকার বেশি বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে। এ বাড়তি ভাড়া প্রত্যাহার করা না হলে আমদানি-রপ্তানিকারকদের কাছ থেকে তা আদায় করার হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (পরিচালক) গোলাম সারোয়ার খালি কনটেইনারের ওপর চার গুণ হারে ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি এক সপ্তাহ আগে জারি করা হয়েছে। পরিস্থিতি সহনীয় মাত্রায় নেমে এলে খালি কনটেইনার ভাড়া স্বাভাবিক করা হবে। বন্দরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, বন্দরে খালি কনটেইনারের ধারণক্ষমতা চার হাজার ৫৪৫ ইউনিট (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। গত বৃহস্পতিবার বন্দর ইয়ার্ডে ৭৮৬ ইউনিট এবং গতকাল শনিবার ২৭৩ ইউনিট বেশি কনটেইনার পড়ে ছিল।চট্টগ্রাম বন্দরে নিয়ম অনুযায়ী খালি কনটেইনার রাখার পরই ভাড়া গুনতে হয়। প্রথম সপ্তাহে প্রতিদিনের জন্য ছয় মার্কিন ডলার হারে ভাড়া দিতে হয়। অষ্টম দিন থেকে ২০তম দিন পর্যন্ত প্রতিদিন ১২ মার্কিন ডলার এবং এর পর থেকে প্রতিদিনের জন্য ২৪ মার্কিন ডলার হারে মাশুল দিতে হয়। চার গুণ জরিমানা আরোপ করায় এখন ২০ দিনের বেশি যেসব কনটেইনার পড়ে আছে, সেগুলো প্রতিদিনের জন্য ভাড়া দিতে হবে ৯৬ ডলার বা প্রায় সাড়ে ছয় হাজার টাকা।বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমেদ বলেন, বন্দরে এখন যে পরিমাণ খালি কনটেইনার পড়ে আছে, সেগুলোর প্রতিদিনের ভাড়া আসছে আনুমানিক ৪০ লাখ টাকা। চার গুণ হারে ভাড়া বাড়ানোর কারণে স্বাভাবিক ভাড়ার চেয়ে এক কোটির বেশি টাকা ক্ষতিপূরণ দিতে হবে জাহাজ কোম্পানিগুলোকে। বন্দর এই ভাড়া প্রত্যাহার না করলে আমদানি-রপ্তানিকারকদের কাছ থেকে এই ভাড়া পুষিয়ে নিতে হবে।