চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে সতর্ক থাকার নির্দেশ
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করায় বন্দর কর্তৃপক্ষ নিজস্ব সংকেত ‘এলার্ট-২’ বা সাবধানতা-২ জারি করেছে। এ সাবধানতা অনুযায়ী জেটি ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এ ছাড়া বন্দরে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, বন্দরের নিজস্ব চারটি সাবধানতা আছে। আবহাওয়া দপ্তর চার নম্বর সংকেত জারি করায় বন্দর কর্তৃপক্ষ এলার্ট-২ জারি করেছে। বন্দর সূত্রে জানা গেছে, বন্দর জেটিতে কাজ হলেও বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজ কার্যত বন্ধ আছে। বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য আজ সকালে মোট ৩৩টি লাইটার জাহাজ বরাদ্দ দিয়েছে ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল। আজ সকালে বড় জাহাজ থেকে পণ্য খালাস করা হলেও দুপুরের পর থেকে পণ্য খালাস কার্যক্রম পর্যায়ক্রমে বন্ধ হতে থাকে বলে জানা গেছে।বহির্নোঙরে পণ্য খালাস পরিচালনাকারী শিপ হ্যান্ডলিং অপারেটর সরওয়ার হোসেন সাগর প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকায় দুপুরের পর থেকে বেশির ভাগ লাইটার জাহাজের কাজ বন্ধ হয়ে যায়। তাঁর প্রতিষ্ঠানের দুটি বড় জাহাজ থেকে পণ্য খালাসের কথা থাকলেও সাগর উত্তাল থাকায় কাজ বন্ধ আছে বলে তিনি জানান। বন্দর সূত্র জানায়, বন্দরে মোট ১১১টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে পণ্যবাহী ৮০টি জাহাজ আছে। পণ্যবাহী জাহাজের মধ্যে মূল জেটিতে ১৮টি, রিভার মুরিং ও বিশেষায়িত বার্থে ১১টি এবং বহির্নোঙরে ৫১টি জাহাজ রয়েছে।দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রামের প্রস্তুতি: দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রামে সরকারি সংস্থাগুলো পূর্বপ্রস্তুতি নিয়েছে। চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এবং জেলা প্রশাসন একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরেই একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।চট্টগ্রাম সিটি করপোরেশন: নগরের দামপাড়ায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিটি করপোরেশন। দুর্যোগ মোকাবিলায় সব উপকূলীয় ওয়ার্ডের কাউন্সিলরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিপদ সংকেত মহাবিপদ সংকেতে রূপ নেওয়ার সঙ্গে উপকূলীয় এলাকায় ঝুঁকিতে থাকা জনগণকে সরিয়ে নেওয়া হবে বলে সিটি করপোরেশন সূত্র জানায়। এ জন্য প্রায় ৫০০ কর্মকর্তা-কর্মচারী, চিকিত্সক, মেডিকেল টিম ও যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।বিমানবাহিনী: দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে বিমানবাহিনী প্রস্তুতি নিয়েছে। বিমানবাহিনীর জহুরুল হক চট্টগ্রামের ঘাঁটির একজন কর্মকর্তা জানান, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে জহুরুল হক ঘাঁটি থেকে যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারগুলো ঢাকার কুর্মিটোলা বিমানবাহিনীর ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল ও আজ শুক্রবার এসব বিমান নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জেলা প্রশাসন: এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গতকাল বৈঠক করে প্রস্তুতি নিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ এবং উপজেলাগুলোয় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিত্সক দল।