চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া লাইটার জাহাজের (ছোট আকারের জাহাজ) নিখোঁজ ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত জাহাজের চালকের খোঁজ পাওয়া যায়নি।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ‘এমভি হংকং সান’ থেকে সার বোঝাই করে কর্ণফুলী নদীর দিকে ফেরার সময় ‘এমভি চট্টগ্রাম’ নামে লাইটার জাহাজটি বহির্নোঙরে ডুবে যায়। ওই সময় সাগর ছিল উত্তাল।চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বহির্নোঙরে জাহাজডুবির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। ডুবন্ত জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।’ডুবে যাওয়া জাহাজটির মালিক প্রতিষ্ঠান ‘চিটাগাং ট্রেড এজেন্সি’র ব্যবস্থাপক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ২০০ টনের মতো সার নিয়ে জাহাজটি কর্ণফুলী নদীর দিকে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ১২ নাবিককে উদ্ধার করা হলেও চালক আবদুল কুদ্দুস এখনো নিখোঁজ।উদ্ধার হওয়া নাবিকেরা হলেন: জাহাজের মাস্টার আবু সুফিয়ান, লস্কর মোস্তফা, রহমতউল্লাহ, সোহেল, আবদুর রশিদ, মো. রফিক ও সালাউদ্দিন; সুকানি নূরউদ্দিন, আবদুর রহিম; বাবুর্চি টিপু, জাকির হোসেন ও জামাল উদ্দিন। খলিলুর রহমান জানান, গতকাল সীতাকুন্ডের ভাটিয়ারি উপকূল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার সময় একটি মাদার ভেসেলে (বড় আকারের জাহাজ) উঠে একজন রক্ষা পান।সূত্র জানায়, জাহাজডুবির ঘটনায় নগরের ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নৌ-বাণিজ্য অধিদপ্তর সূত্র জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে রোববার অফিস খোলার পর তদন্ত কমিটি গঠন করা হতে পারে। বন্দর কর্মকর্তারা জানান, সাগর উত্তাল থাকায় জাহাজটি বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজের ঠিক কোন স্থানে ডুবেছে তা নির্ধারণ করা যাচ্ছে না।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। শনাক্ত করা সম্ভব হলে ওই স্থান এড়িয়ে যাওয়ার জন্য সাগরে বয়া দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে।’৩ নম্বর সতর্কসংকেত: উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ু প্রবল হওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তদ্সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য দেখা দিয়েছে। চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু প্রবল হওয়ায় সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ৩ নম্বর সতর্কসংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোসাগরে চলাচলরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছিল। গতকাল বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ুর কারণে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জোয়ারের কারণে গতকাল দুপুরের পর নগরের নিচু এলাকা তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, আগ্রাবাদ, হালিশহর, চাক্তাই এলাকায় জোয়ারের পানি ওঠে। ঘণ্টা দেড়েক পর পানি নেমে যায়। আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত সিডিএ এলাকার রাস্তা পানিতে ডুবে ছিল।