চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি, নিরাপদে ১৪ নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এক হাজার ৬৮৩ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে এমভি চিশতি সোয়ান নামের একটি ছোট জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১৪ নাবিক পাশের বড় জাহাজে উঠে দুর্ঘটনা থেকে রক্ষা পান। আজ রোববার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে তত্পরতা শুরু করা হয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ছোট (লাইটার) জাহাজডুবির কারণে বন্দরের মূল চ্যানেলে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে যেখানে জাহাজটি ডুবে গেছে, তার আশপাশে সতর্ক হয়ে জাহাজ চলাচলের জন্য বলা হয়েছে।লাইটার জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানায়, সকালে বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে স্টিল কয়েল বোঝাই করছিল ছোট জাহাজ এমভি চিশতি সোয়ান। প্রায় দুই হাজার ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ছোট জাহাজটিতে এক হাজার ৬৮৩ মেট্রিক টন স্টিল কয়েল বোঝাই করার পর এটি কাত হয়ে যায়। এরপর ভারসাম্য হারিয়ে এটি ডুবে যায়। ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানায়, এই জাহাজে করে পণ্য আমদানি করছিল চট্টগ্রামের মাল্টি স্টিল কোম্পানি। টেউ টিন, স্টিলের আলমারি, স্টিলের পাতসহ বিভিন্ন জিনিস নির্মাণে স্টিল কয়েল ব্যবহার করা হয়।ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনার সময় ছোট জাহাজের ১৪ জন নাবিক বড় জাহাজে উঠে যান। তাঁরা নিরাপদে আছেন।চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে বড় জাহাজ ঢুকতে পারে না। জাহাজগুলো বহির্নোঙরে থাকে। সেখান থেকে ছোট জাহাজে করে পণ্য কর্ণফুলী নদীর বেসরকারি ১৬টি ঘাট এবং দেশের ১৬টি গন্তব্যে পাঠানো হয়।