চট্টগ্রাম বন্দরে জেটি সরকারদের মারধর: তদন্ত কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে চাকরিচ্যুত শ্রমিকদের কর্মবিরতি পালনকালে গতকাল রোববার দুপুরে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের (জেটি সরকার) মারধর করার ঘটনা তদন্ত করার জন্য আজ সোমবার বন্দরের উপপরিবহন ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত শ্রমিকেরা গতকাল চট্টগ্রাম বন্দরে আট ঘণ্টার কর্মবিরতি পালন করেন। আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর জোট চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মবিরতি পালিত হয়। কর্মবিরতি চলাকালে বন্দরের সংরক্ষিত এলাকায় শ্রমিকেরা জেটি সরকারদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন জেটি সরকার আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে জেটি সরকারেরা চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা দুপুর ১২টার পর থেকে কাস্টমস হাউসের কাজকর্ম বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। এ কারণে শ্রমিকেরা কর্মবিরতি শেষে বিকেল পাঁচটায় কাজে যোগ দিলেও বন্দর পুরোপুরি সচল হয়নি। পরে বন্দর কর্তৃপক্ষ রাতে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির সঙ্গে বৈঠক করে একটি সমঝোতায় পৌঁছে। বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির দাবি অনুযায়ী মারধরের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং আজ সকালে নবগঠিত তদন্ত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তদন্ত কমিটি ইতিমধ্যে তার কাজ শুরু করেছে। জেটি সরকারেরা আজ সকাল থেকে কাজ শুরু করেছেন। গতকাল বিকেল পাঁচটা থেকে চাকরিচ্যুত শ্রমিকেরাও কাজ শুরু করায় বন্দরে এখন পুরোদমে কাজ চলছে। পরিস্থিতিও স্বাভাবিক হয়ে এসেছে।