লুঙ্গি ও স্যান্ডেল পরে কাজে আসে
চট্টগ্রাম বন্দরে ঝুঁকি নিয়ে কাজ করছেন ১০ হাজার শ্রমিক
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী। এঁরা সবাই বেসরকারি সংস্থার অধীনে কাজ করেন। ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাঁদের কোনো নিরাপত্তা সরঞ্জাম নেই। অথচ বন্দরের মতো বিশেষায়িত কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।জানা গেছে, শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জামের বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়েছিল। কিন্তু শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নিয়ম চালু হয়নি। এভাবে কাজ করতে গিয়ে বন্দরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মোট ১৩ জন বেসরকারি অপারেটর কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন।বন্দর ডক ওয়ার্কার্স মেডিকেল সেন্টার ও সেনাবাহিনীর অস্থায়ী হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের অক্টোবর থেকে ২৩ মার্চ পর্যন্ত ১৭৪ দিনে এই দুটি কেন্দ্র থেকে মোট আট হাজার ৯১২ জন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নেন। এ হিসাবে দিনে গড়ে ৫১ জন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। কর্মক্ষেত্রে একজন একাধিকবারও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার কারণে বন্দরের কাজও ব্যাহত হয়।২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকার বার্থ অপারেটর পদ্ধতি চালুর সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়। ওই বছর ৫ মে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে শ্রমিকদের সেফটি হ্যালমেট, বয়লার স্যুট, সেফটি সু, লেদার ওয়ার্কিং গ্লাবস, সেফটি বেল্ট, হাই ভিজিবেল ওয়ার্কিং ভেস্ট ফর নাইট এবং ফেস মাস্ক সরবরাহের কথা বলা হয়।ডক ওয়ার্কার্স চিকিৎসাকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ মো. রিদওয়ানুল হক প্রথম আলোকে বলেন, ‘বেশির ভাগ শ্রমিক ছোট-বড় আঘাত পেয়ে এই কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। সীমাবদ্ধতার কারণে আঘাতের মাত্রা বিবেচনা করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’বন্দর-গবেষক সুলতান মাহমুদ বলেন, ‘পৃথিবীর কোথাও হেলমেট ছাড়া বন্দরের ইয়ার্ডে ঢুকতে দেওয়া হয় না। সেফটি অফিসার থাকে। আমাদের এখানে এসব মানা হচ্ছে না।’চট্টগ্রাম বন্দরের ১৬টি জেটির মধ্যে মাত্র দুটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে করা হয়। তবে বাকি আনুষঙ্গিক সব কাজ করেন শ্রমিকেরা।গত বুধবার সরেজমিনে বন্দরের ১৬টি জেটি ঘুরে একজন শ্রমিকের মাথায়ও হেলমেট কিংবা বয়লার স্যুট দেখা যায়নি। ডক শ্রমিকেরা কনটেইনার ওঠানো-নামানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করছেন লুঙ্গি আর পায়ে স্যান্ডেল পরে। নিরাপত্তা সরঞ্জাম বলতে কিছু ডক শ্রমিকের হাতে সাধারণ গ্লাবস দেখা গেছে।ফজলি অ্যান্ড সন্সের শ্রমিক মো. ফয়েজ প্রথম আলোকে বলেন, ‘এখানে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এক দিন আগে মুজিবুল হক (৫০) নামে এক শ্রমিকের হাত কেটে গেছে। ঝুঁকি নিয়ে কাজ করা ছাড়া আমাদের উপায় নেই।’ ডক ওয়ার্কার্স মেডিকেল সেন্টার থেকে জানানো হয়, ‘আঘাত বেশি হওয়ায় মুজিবুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ আরেক শ্রমিক মো. শফি অভিযোগ করেন, বেসরকারি অপারেটর থেকে কোনো নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হচ্ছে না।বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আমরা শ্রমিকদের এসব সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নিয়েছি। শ্রমিকেরা প্রথমদিকে ব্যবহার করতে চাইত না। তবে এখন অনেকটা ইতিবাচক। বন্দর চেয়ারম্যানও বিয়ষটি নিয়ে আমাদের তাগাদা দিয়েছেন।’বন্দর চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম বলেন, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের জন্য বেসরকারি সংস্থাগুলোকে বলা হয়েছে। শ্রমিকেরা এসব সরঞ্জাম ব্যবহার শুরু করলে বন্দর এলাকায় দুর্ঘটনা অনেক কমে আসবে। বেসরকারি অপারেটর ও শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, বন্দরে তিন পালায় প্রায় এক হাজার ২০০ জন ডক শ্রমিক কাজ করছেন। ডক শ্রমিকেরা জাহাজ থেকে কনটেইনার ও পণ্য খালাস এবং বোঝাইয়ের কাজ করেন। ডক শ্রমিকসহ স্টিভিডোরিং স্টাফ, ল্যাসিং-আনল্যাসিং, মার্চেন্ট শ্রমিক, ক্রেন অপারেটর (বিশেষ শ্রমিক), ট্রাক শ্রমিক ও সিঅ্যান্ডএফ কর্মচারী মিলে বন্দর জেটি ও ইয়ার্ডে প্রায় ১১ হাজার শ্রমিক-কর্মচারী তিন পালায় কাজ করছেন।ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আমরা চিৎকার করে এসব বলছি। আর কর্তৃপক্ষ শুধু শুনেই যাচ্ছে।’বন্দরের মেডিকেল সেন্টারের নিবন্ধন তথ্যে দেখা যায়, গত ২ মার্চ ৯ নম্বর বার্থে কাজ করার সময় বাম পা কেটে যায় শ্রমিক মো. শফির (৪৫)। ৯ মার্চ ৬ নম্বর বার্থে কাজ করার সময় ডান পায়ে আঘাত পান শহীদ উল্লাহ (৫০)। একইভাবে ৬ নম্বর বার্থের শ্রমিক আহামদ হোসেনও (৪০) আঘাত পান। ২৩ মার্চ আবু তাহের নামে এক শ্রমিক ডান পায়ে মারাত্মক জখম পান। কুটি মিয়ার (৫০) হাতের আঙুল কেটে যায়। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।