চট্টগ্রাম বন্দরে দরপত্র ছাড়া অপারেটর নিয়োগ হলে ধর্মঘটের হুমকি
চট্টগ্রাম বন্দরের ছয়টি কনটেইনার জেটিতে দরপত্র ছাড়া অপারেটর নিয়োগ হলে লাগাতার ধর্মঘট দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন।আজ রোববার দুপুরে বন্দর ভবনের সামনের সড়কে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।জানা গেছে, আইনি জটিলতার কারণ দেখিয়ে বন্দরের ছয়টি কনটেইনার জেটিতে দ্বিতীয় দফা দরপত্র মূল্যায়ন স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ। এসব জেটিতে সাময়িক ব্যবস্থায় দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের জন্য সংসদীয় কমিটি মৌখিক সুপারিশও করে। দক্ষতা কমে যাওয়ার অজুহাতে নৌপরিবহন মন্ত্রণালয়ও দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের নির্দেশ দেয় বন্দরকে।শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, নিয়মনীতি লঙ্ঘন করে সংসদীয় কমিটির গুটিকয়েক সদস্য দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের জন্য বন্দরকে চাপ দিচ্ছে। তাদের স্থায়ী কমিটি থেকে প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান শ্রমিক নেতারা।শ্রমিক সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খান ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ।