চট্টগ্রাম বন্দরে দুই জেটিতে একই কাজ দুই দরে
চট্টগ্রাম বন্দরে পাশাপাশি দুটি বিশেষায়িত টার্মিনাল চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এ দুটি টার্মিনালের জেটি দিয়ে জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর (হ্যান্ডলিং) কাজ করছে ‘সাইফ পাওয়ারটেক লিমিটেড’ নামের একটি বেসরকারি সংস্থা। এই সংস্থাটি সিসিটিতে প্রতি বক্স কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য বন্দর থেকে পাচ্ছে ১৫৫ টাকা। আর এনসিটিতে একই কাজের জন্য পাচ্ছে ৭৫০ টাকা।বন্দর সূত্র জানায়, সাইফ পাওয়ারটেক সিসিটির কাজ পেয়েছিল প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে। আর এনসিটিতে একই কাজ চলছে সমঝোতার ভিত্তিতে।পাশাপাশি জেটিতে আলাদা দরে কাজ করার বিষয়টি স্বীকার করে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এনসিটির দুটি জেটি চালু হলেও ইয়ার্ডে কনটেইনার রাখার মতো সুবিধা এখনো সৃষ্টি হয়নি। এ জন্য কিছুটা দূর থেকে যন্ত্র দিয়ে কনটেইনার আনা-নেওয়া করতে হয়। এ জন্য আমাদের অতিরিক্ত খরচ হচ্ছে।’বন্দরের কর্মকর্তারা জানান, এনসিটির জন্য সাইফ পাওয়ারটেকের সঙ্গে প্রতি বক্স কনটেইনার ৪৭৫ টাকা দরে কাজ করার চুক্তি হলেও এখন তারা চাপ দিয়ে ৭৫০ টাকা করে নিচ্ছে। এটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।সাইফ পাওয়ারটেক সিসিটি থেকে প্রতি বক্স কনটেইনার ওঠানো-নামানোর জন্য ১৫৫ টাকা করে নিচ্ছে। ২০০৯ সালের ডিসেম্বর থেকে এই দর কার্যকর হয়েছে। এর আগে তারা বিনা দরপত্রে একই কাজ করেছিল এক হাজার ২৫০ টাকা দরে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর সহায়তায় বন্দরে কাজ চলাকালে এনসিটির দুটি জেটিতে প্রতি বক্স কনটেইনার ৪৭৫ টাকা দরে ওঠানো-নামানোর জন্য সাইফ পাওয়ারটেককে চিঠি দেয় কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সাইফ পাওয়ারটেক ২০০৭ সালের ১৫ মে থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করে। কিন্তু সেনাবাহিনী বন্দর থেকে চলে যাওয়ার পর সাইফ পাওয়ারটেক ওই কাজের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে যে বিল দাখিল করে তাতে দেখা যায়, ৪৭৫ টাকার সঙ্গে কনটেইনার পরিবহনের জন্য ট্রেইলার ভাড়া হিসাবে আরও ২৭৫ টাকা যোগ করা হয়েছে। এতে প্রতি বক্স কনটেইনার ওঠানো-নামানোর খরচ দাঁড়ায় ৭৫০ টাকা।অভিযোগ উঠেছে, এই বাড়তি দর দিয়ে পেশ করা বিল পরিশোধের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি বন্দর কর্তৃপক্ষের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে। চাপের মুখে বন্দর কর্তৃপক্ষ প্রতি বক্স কনটেইনার ওঠানো-নামানোর জন্য ৭৫০ টাকা দরে সাইফ পাওয়ারটেককে বিল পরিশোধ করতে শুরু করেছে। জানা যায়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির চাপে বন্দর কর্তৃপক্ষ নয়টি সমান কিস্তিতে সাইফ পাওয়ারের পাঁচ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকার বিল পরিশোধ শুরু করে গত মাস থেকে। এর পাশাপাশি চলমান বিলও পরিশোধ করছে বন্দর কর্তৃপক্ষ।নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ২৯ এপ্রিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের বিশেষ সভায় এ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়। এই তিন সাংসদ সভায় সাইফ পাওয়ারের বিল পরিশোধের পক্ষে কথা বলেন। সভায় সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেক লিমিটেডের দাখিল করা বিল যথাযথভাবে পরীক্ষা এবং বিধি-নিয়ম যথাযথভাবে অনুসরণ করে পরিশোধের ব্যবস্থা করবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ওই সভায় সভাপতিত্ব করেন। এর আগে গত বছরের ২৩ মার্চ সংসদীয় কমিটির ১২তম বৈঠকেও সাইফ পাওয়ারকে বিল পরিশোধের পক্ষে সিদ্ধান্ত হয়।সংসদীয় কমিটির বৈঠক এবং পরে নৌপরিবহন মন্ত্রণালয়ে বৈঠকে সাইফ পাওয়ারটেকের পক্ষে কথা বলার বিষয়ে জানতে চাইলে সাংসদ মো. শাহ আলম প্রথমে বলেন, ‘আমি মন্ত্রণালয়ে কোনো বৈঠকে যাইনি, সাইফ পাওয়ারের পক্ষেও কথা বলিনি।’ পরদিন সময় ও বৈঠকের সিদ্ধান্তের লিখিত বিষয় উল্লেখ করলে তিনি বলেন, ‘একক কোনো ব্যক্তির বিলের জন্য কথা বলা সংসদীয় কমিটির কাজ নয়, আর বললেও আমাদের কথায় বন্দরে কোনো কাজ হয় না। সাইফ পাওয়ারটেকের বিলের ব্যাপারে সংসদীয় কমিটির সভাপতি (নূর এ আলম চৌধুরী) ভালো বলতে পারবেন।’এদিকে বাড়তি দর দেওয়ার পরও সাইফ পাওয়ারটেক লিমিটেড যাতে বিনা দরপত্রে কনটেইনার ওঠানো-নামানোর কাজ আরও অন্তত দুই বছর চালিয়ে যেতে পারে, সে জন্য গত সপ্তাহে অনুষ্ঠিত বন্দরের ১৮৩২তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজ দেওয়া হচ্ছে বলে জানা যায়।বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে যেসব যন্ত্রপাতি ও লোকবল দিয়ে সাইফ পাওয়ারটেক এনসিটি ইয়ার্ডে কাজ করছে, সেই একই যন্ত্রপাতি দিয়ে কাজ করছে পাশের ইয়ার্ড সিসিটিতে। ফলে এনসিটিতে নতুন করে কাউকে কাজ করতে দিলে কনটেইনার ওঠানো-নামানোর দক্ষতা হ্রাস পাবে। এ জন্য আমরা আবারও এ কাজ সাইফ পাওয়ারটেককে দেওয়ার সিদ্ধান্ত নিই।’ তিনি বলেন, ‘অতীতে আমরা অনেক চেষ্টা করেছি এ কাজ প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে দিতে। কিন্তু বিভিন্ন চাপের কারণে সেটা হয়ে ওঠেনি।’বন্দরের চেয়ারম্যান বলেন, ‘সরাসরি ক্রয় পদ্ধতিতেও দর-কষাকষির সুযোগ আছে। এতে আমরা সন্তোষজনক দর না পেলে পরে প্রতিযোগিতামূলক দরপত্রে যাব।’