চট্টগ্রাম বন্দরে নতুন ১৬ যন্ত্র সংগ্রহ, নভেম্বরে আসছে আরও ১৫টি
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় ১৬টি নতুন যন্ত্র সংগ্রহ করা হয়েছে। আগামী নভেম্বরে আসছে সাধারণ পণ্য ওঠানামার আরও ১৫টি যন্ত্র। এই ৩১টি যন্ত্রই গত অর্থবছরে দরপত্রের মাধ্যমে কেনা হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলনকক্ষে এক প্রেস বিফ্রিংয়ে বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। নতুন যন্ত্রগুলো যোগ হওয়ায় বন্দরে পণ্য ওঠানামার কাজে গতিশীলতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বন্দরসচিব বলেন, এই ৩১টি যন্ত্র ছাড়াও নতুন করে আরও ৪৭টি যন্ত্র সংগ্রহের জন্য ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হবে। এসব যন্ত্র সংগ্রহ করা হলে বন্দরে পণ্য ওঠানামার যন্ত্রপাতির স্বল্পতা অনেকাংশে দূর হবে।ফরহাদ উদ্দিন জানান, নতুন সংগ্রহ করা যন্ত্রগুলোর মধ্যে রয়েছে ছয়টি স্ট্যাডেল ক্যারিয়ার, পণ্যভর্তি কনটেইনার ওঠানামার জন্য পাঁচটি ফর্কলিফট ও পাঁচটি রিচ স্টেকার।প্রেস ব্রিফিংয়ে বন্দর সেনা নিরাপত্তাকেন্দ্রের সমন্বয়কারী মেজর মো. শাহরিয়ার মোর্শেদ বলেন, সেনাবাহিনী বন্দরে নিরাপত্তা জোরদার করেছে। তাঁরা এখন শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাস্তবায়নে বন্দরকে সহায়তা করছে। তিনি বলেন, বন্দরে সেনাবাহিনীর অস্থায়ী হাসপাতালে প্রতিদিন গড়ে দুই শতাধিক শ্রমিক চিকিত্সা নিচ্ছেন। এক সপ্তাহ আগে ৩০ শয্যার এই হাসপাতাল চালু হয়।