চট্টগ্রাম বন্দরে বিরাজ করছে আংশিক অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর গতকাল সোমবার রাত থেকেই আংশিক অচল হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অচলাবস্থা বহাল ছিল। বন্দরে পণ্য ওঠা-নামার কাজে শ্রমিক নিয়োগের পদ্ধতি নিয়ে দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে শ্রমিকেরা ১৬টি মূল জেটির মধ্যে ১২টিতে কাজ বন্ধ করে দিয়েছেন। আজ সকাল থেকেই শ্রমিকেরা বন্দর এলাকায় মিছিল-সমাবেশ করছেন। বন্দর কর্তৃপক্ষ তাঁদের শান্ত করে কাজে ফেরানোর চেষ্টা করছে। শ্রমিকেরা পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রাখায় সরকারি ও বেসরকারি খাদ্যশস্যবাহী জাহাজসহ ১৩টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এর মধ্যে তিনটি জাহাজে সরকারি চাল আছে।বন্দর সূত্রে জানা গেছে, নিজস্ব ব্যবস্থাপনায় বন্দরে পণ্য ওঠা-নামার কাজে বুকিং সেলের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়া হতো। এখন বেসরকারি বার্থ অপারেটরেরা বন্দরের কার্যকম পরিচালনা করেন। তাঁরা বুকিং সেলের মাধ্যমে শ্রমিক নিয়োগ দিতে রাজি নয়। তাঁরা নিজেদের মতো করে শ্রমিক নিয়োগ করে কাজ চালাতে চান। এ নিয়ে বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মধ্যে বিরোধ চলছে। ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বলেন, শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেটা বাস্তবায়ন করতে হবে। তিনি বুকিং সেল থেকেই শ্রমিক নিয়োগ দেওয়ার দাবি জানান। বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় যেভাবে শ্রমিকেরা কাজ করেছেন, সেভাবেই এখন বার্থ অপারেটরের অধীনে তাঁরা কাজ করতে চাইছেন। কিন্তু আমরা নিজেদের প্রয়োজনমতো শ্রমিক-কর্মচারী নিয়োগ করে কাজ শুরুর চেষ্টা করছি। কারণ বুকিং পদ্ধতির মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হলে সমস্যা হয়।’