চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের পরিচয়পত্র বিতরণ শুরু
শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানের জন্য চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বন্দরের নিরাপত্তা কার্যালয় থেকে এসব পরিচয়পত্র বিতরণ করা হয়।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে বন্দরে কর্মরত সব শ্রমিককে এ পরিচয়পত্র দেওয়া হবে। এসব শ্রমিক বন্দরে নিয়োজিত বেসরকারি সংস্থার অধীনে কাজ করছেন। তার পরও তাঁদের দাবির কারণে বন্দর থেকে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। পরিচয়পত্রে শ্রমিকের নাম, সংশ্লিষ্ট শ্রমিক যেসব বেসরকারি সংস্থায় কাজ করছেন, সেসব সংস্থার নাম ও পরিচয়পত্রের মেয়াদ উল্লেখ করা হয়েছে।প্রসঙ্গত, বন্দরে শ্রমিক অসন্তোষের জের ধরে টানা ছয় দিন অচলাবস্থা তৈরি হলে ১৩ অক্টোবর সেনা মোতায়েন হয়। এরপর সচল হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষ নিরসনে স্থায়ী সমাধানের কাজ শুরুর পদক্ষেপ নেয়।