চট্টগ্রাম বন্দরে সংগঠন ৩৩টি, দুটিতে নামিয়ে আনা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন সংশোধন করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংগঠনের সংখ্যা দুটিতে কমিয়ে আনার সরকারি গেজেট প্রকাশ হয়েছে গত ১২ নভেম্বর। কিন্তু এর দুই মাস পরও শ্রমিক সংগঠনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়নি। বরং নতুন নতুন সংগঠনের কোনো কোনোটির আন্দোলন কর্মসূচির কারণে বন্দর বারবার অচল হচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ঐক্য পরিষদ নামের সংগঠনের কর্মসূচির কারণে বন্দরের একটি অংশের কাজ প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল। প্রায় ১০ মাস আগে আত্মপ্রকাশ ঘটা এবং শ্রম অধিদপ্তরের নিবন্ধনহীন এই সংগঠনের কর্মীরা আকস্মিক কাজ বন্ধ করে বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ করেন। কিছু কর্মী কাফনের কাপড় পরে বন্দর ভবন অবরোধ করেন। এই সংগঠনের নেতাদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকের পর তাঁরা কাজে যোগ দিতে রাজি হন। এটি আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সমর্থনপুষ্ট। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এম আবদুল লতিফের ধারার বাইরে এই সংগঠন করা হয়।নিবন্ধনহীন সংগঠন ঐক্য পরিষদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। বন্দর চালু রাখার স্বার্থে এটা করতে হয়েছে।’ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বন্দরে বর্তমানে শ্রমিক-কর্মচারীদের সক্রিয় সংগঠন রয়েছে ৩৩টি। এর মধ্যে পাঁচটি বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীদের। বাকিগুলো ডক শ্রমিকদের। এসব সংগঠনের মধ্যে জাহাঙ্গীরের সমর্থনপুষ্ট ঐক্য পরিষদসহ চারটি শ্রম অধিদপ্তরে নিবন্ধিত নয়।অভিযোগ রয়েছে, বন্দরে নতুন সংগঠন করার নেপথ্যে মূল কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। জানা যায়, মেয়র মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আবদুল লতিফ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থন পাচ্ছে বেশির ভাগ শ্রমিক সংগঠন। সাধারণত দেখা যায়, যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণে থাকে বন্দরের রাজনীতি। সাংসদ নির্বাচিত হওয়ার আগে আবদুল লতিফের সমর্থনপুষ্ট কোনো শ্রমিক সংগঠন বন্দরে ছিল না। বন্দর সূত্র জানায়, ডক শ্রমিকেরা ধর্মঘট বা কর্মবিরতি করলে বন্দর অচল হয়। কারণ, এরাই জাহাজে পণ্য ওঠানো-নামানো থেকে শুরু করে জেটির সব ধরনের কাজ করে। জানা গেছে, অন্য যে তিনটি সংগঠনের শ্রম অধিদপ্তরের নিবন্ধন নেই, এগুলোর কোনো কোনোটি সমবায় সমিতির কার্যক্রম চালানোর নামে সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়েছে। এগুলোর মধ্যে আছে জাহাজের ক্রেন চালকদের সংগঠন চট্টগ্রাম হুইন্সম্যান কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, জাহাজ পাহারায় নিয়োজিত শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম বন্দর ওয়াচম্যান সমিতি, কনটেইনারে পণ্য তোলা ও বের করার কাজে নিয়োজিত শ্রমিক সর্দারদের সংগঠন মার্চেন্ট শ্রমিক মাঝি কল্যাণ সমিতি ইত্যাদি। ইতিমধ্যে এসব সংগঠন বিভিন্ন দাবিতে একাধিকবার বন্দর অচল করাসহ আন্দোলনের কর্মসূচি পালন করে।ট্রেড ইউনিয়ন সংগঠন না হয়েও আন্দোলন করা প্রসঙ্গে চট্টগ্রাম হুইন্সম্যান কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মতিন বলেন, ‘আন্দোলন না করলে আমাদের দাবি-দাওয়া তো আদায় হয় না। গত ২৭ নভেম্বর ঢাকায় নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে বন্দর শ্রমিক নেতাদের বৈঠকেও তো আমি ছিলাম।’সূত্রমতে, ডক শ্রমিকদের ২৮টি সংগঠন বিলুপ্ত করে নতুন একটি সংগঠন করার ব্যাপারে গত দুই মাসে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে শ্রমিকনেতাদের তেমন আগ্রহও দেখা যাচ্ছে না। বরং ডক শ্রমিক নেতারা আড়াই বছর আগে বিলুপ্তঘোষিত ডক পরিচালনা বোর্ড আবার চালু, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ নতুন নতুন দাবিতে আন্দোলন করছেন। সরকারি নির্দেশনা সত্ত্বেও ডক শ্রমিক সংগঠনের সংখ্যা একটি করার উদ্যোগ না নেওয়া প্রসঙ্গে ডক শ্রমিকদের সাতটি সংগঠনের জোট ডক-বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ‘আগে আমাদের নিয়োগকারীদের একটি সংগঠন হোক, তারপর আমরা আমাদের একটি সংগঠন করব।’ জানা গেছে, বর্তমানে ২৩ জন বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান (বার্থ অপারেটর) বন্দরের ডক শ্রমিকদের নিয়োগ দিচ্ছে। নানা বিরোধের কারণে এরা সমন্বিতভাবে নিজেদের কোনো সংগঠন গড়ে তুলতে পারছে না। সূত্রমতে, সদ্য অনুমোদিত ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৯’-এ আছে, বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীদের জন্য একটি এবং বার্থ অপারেটর/শিপ হ্যান্ডলিংসহ বন্দর ব্যবহারকারী অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য একটি শ্রমিক সংগঠন থাকবে। অর্থাত্ বন্দরের কাজে মাত্র দুটি শ্রমিক সংগঠনের অস্তিত্ব থাকবে। আর বন্দর ব্যবহারকারী সংস্থাগুলোর মালিকদের থাকবে একটি সংগঠন। ছয় মাসের মধ্যে শ্রমিক সংগঠন দুটির অনুমোদন আদায় সম্ভব না হলে বন্দরের সব শ্রমিক সংগঠন বিলুপ্ত বলে গণ্য হবে। বন্দর কর্তৃপক্ষ গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত চিঠি নিজ নিজ শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে বিতরণ করে। চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। কিন্তু এদের মধ্যে ট্রেড ইউনিয়ন করার যোগ্য সদস্যসংখ্যা চার হাজার ৩৩৬ জন। আগে এদের পাঁচটি সংগঠন ছিল। এর মধ্যে দুটি আওয়ামী লীগ সমর্থিত এবং বিএনপি, জামায়াতে ইসলামী ও কমিউনিস্ট পার্টির সমর্থনপুষ্ট সংগঠন ছিল একটি করে। নতুন শ্রম আইন অনুযায়ী, এদের একটির বেশি শ্রমিক সংগঠন থাকতে পারেবে না। জানা যায়, বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীদের পাঁচটি সংগঠনের মধ্যে দুটি আলাদাভাবে পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদনের জন্য চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে চিঠি দিয়েছে। এর একটি বিএনপির সমর্থনপুষ্ট এবং অন্যটি আওয়ামী লীগের সমর্থনপুষ্ট। নিয়ম অনুযায়ী এই দুই সংগঠনের মধ্যে যেকোনো একটিকে সরকার অনুমোদন দেবে। অন্যটি বাদ পড়বে। এ দুটির কোনটিকে কীভাবে রাখা যায়, তা নিয়ে আগামী রোববার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের দপ্তরে সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। এতে উভয় সংগঠনের পাঁচজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে শ্রমিক সংগঠনের সংখ্যা কমানোর উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা বিষয়টি চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালককে জানিয়েছি। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালক মো. আসাদুজ্জমান বলেন, ‘আমরা কাউকে আমন্ত্রণ জানিয়ে সংগঠন করাতে কিংবা বন্ধ করতে পারি না। যাঁরা সংগঠন করতে আগ্রহী তাঁরা আমাদের কাছে আবেদন করবেন, নিয়ম মেনে আমরা অনুমোদন দেব।’ তিনি জানান, বন্দরের দুটি সংগঠন আবেদন করলেও ডক শ্রমিকদের কোনো সংগঠন এ পর্যন্ত আবেদন করেনি।