চট্টগ্রাম বন্দরে সরকারি চাল খালাসে বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ হাজার টন সরকারি আমদানির চাল নিয়ে এম ভি জাং জ্যা সান চং নায়ন হো নামের জাহাজ ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ে। স্বাভাবিক সময়ে এই চাল খালাস করতে সময় লাগার কথা চার থেকে পাঁচ দিন। অথচ জাহাজটি থেকে চাল খালাস শেষ হয় গতকাল বৃহস্পতিবার। অর্থাৎ চাল খালাসে সময় লেগেছে ২৮ দিন। ধীরগতির কারণে একবার এই জাহাজটি জেটি থেকে বের করে পরে আবার জেটিতে ভিড়ে চাল খালাসের সুযোগ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। এই জাহাজটির মতো ৩২ হাজার ৫০০ টনবাহী এম ভি সি এনার্জি জাহাজ থেকে গত ৩৫ দিনে খালাস হয়েছে প্রায় ২৬ হাজার টন চাল। কনটেইনার জাহাজকে জায়গা করে দিতে এই জাহাজটি ৭ নম্বর জেটি থেকে বের করে এনসিটি জেটিতে বরাদ্দ দেয় বন্দর কর্তৃপক্ষ। খাদ্য বিভাগের এসব চালবাহী জাহাজ নিয়ে এখন বিপাকে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। কারণ, একটি জাহাজ থেকে চাল খালাসে স্বাভাবিক সময়ের চেয়ে সাত থেকে আট গুণ বেশি সময় লাগছে। এ পরিস্থিতিতে বন্দরে জাহাজের গড় অবস্থানের সময় বাড়ছে। এতে বহির্বিশ্বে এই বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন বন্দর কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, গুদামে জায়গা না থাকায় খালাসে একটু ধীরগতি হচ্ছে। সড়কপথে ফেরি পারাপারে বিলম্ব হওয়ায়ও সমস্যা হয়েছে। তবে এ পরিস্থিতিতে এখন নৌপথে চাল পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।বন্দর সূত্রে জানা গেছে, এ পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ জেটিতে সরকারি চালবাহী একটির বেশি জাহাজ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে জেটিতে তিনটি জাহাজ থেকে চাল খালাস হচ্ছে। এই তিনটি শেষ হওয়ার পর পর্যায়ক্রমে একটি করে জাহাজ জেটিতে ভেড়ার সুযোগ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বন্দরে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।বিষয়টি স্বীকার করে বন্দর পরিবহন বিভাগের পরিচালক গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘ট্রাক ও গুদাম সংকটের কারণে খালাসে ধীরগতি হচ্ছে বলে খাদ্য বিভাগ আমাদের জানিয়েছে। এ কারণে একটি করে জাহাজ বরাদ্দ দেওয়া হবে। এতে খালাস কার্যক্রম বাড়বে।’ তবে গুদাম খালি হলে ও পর্যাপ্ত ট্রাক বরাদ্দ দেওয়ার নিশ্চয়তা দিলে সরকারি চালবাহী জাহাজ বেশি বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের গুদামে এখন ১৪ লাখ ২৮ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ১১ লাখ ৮৩ হাজার টন চাল এবং দুই লাখ ৪৫ হাজার টন গম। গত বছর একই সময়ে দেশে খাদ্যশস্যের মজুদ ছিল সাত লাখ ১৪ হাজার টন। অর্থাৎ খাদ্য বিভাগের মজুদ এখন অনেক বেশি। চট্টগ্রামের দেওয়ানহাটের খাদ্য বিভাগের গুদামে প্রায় ৩৭ হাজার টন ধারণক্ষমতার বিপরীতে রাখা হয়েছে ৫২ হাজার টন। একই অবস্থা হালিশহর গুদামেও। খাদ্য বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে জায়গা খালি নেই। বোরো সংগ্রহ অভিযানের কারণে রাজশাহী, সিলেট, ঢাকার অধিকাংশ গুদামে খাদ্যশস্য পাঠানো যাচ্ছে না। এ কারণে বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের কিছু গুদামে আমদানি করা চাল পাঠাতে হচ্ছে। দূরদূরান্তে চাল পাঠাতে গিয়ে পর্যাপ্ত ট্রাক পাওয়া যাচ্ছে না। এতে স্বাভাবিকভাবে খালাস কার্যক্রম ধীরগতিতে হচ্ছে । সরকারি হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে ২২ সেপ্টেম্বর পর্যন্ত খোলাবাজারসহ নানা কর্মসূচিতে প্রায় এক লাখ ৭৫ হাজার টন চাল এবং এক লাখ আট হাজার টন গম বিতরণ করা হয়েছে। এ সময়ে বন্দর দিয়ে আমদানি হয় চার লাখ টন চাল ও গম। এর বাইরে চলতি বোরো মৌসুমে এ পর্যন্ত সংগ্রহ হয় প্রায় ছয় লাখ ৬৪ হাজার টন চাল। অর্থাৎ যে হারে আমদানি ও সংগ্রহ হচ্ছে, সেই তুলনায় সরকারি নানা বিতরণ কর্মসূচিতে সরবরাহ হচ্ছে কম। এ কারণে মজুদ বাড়ছে, জায়গা কমছে।