চট্টগ্রাম বন্দরে সাত দিনের মধ্যে অপারেটর নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে সাত দিনের মধ্যে বার্থ অপারেটর নিয়োগ করা হবে। গতকাল রোববার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম বন্দরে জাহাজের মাল খালাসে যে জট তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করার সুপারিশ করা হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, অপারেটর নিয়োগ হলে এ সমস্যা আর থাকবে না।সভায় বন্দর কর্তৃপক্ষ জানায়, তিনটি সমস্যার কারণে চট্টগ্রাম বন্দরে সমস্যা তৈরি হচ্ছে। এগুলো হলো: দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগে দীর্ঘসূত্রতা, উপকরণের স্বল্পতা এবং জাহাজ ও কনটেইনারের সংখ্যা বৃদ্ধি। এ জন্য দ্রুত তারা বার্থ অপারেটর নিয়োগ করছে।সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে নেপাল, মালয়েশিয়াসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশের বন্দর ব্যবস্থাপনা পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়। সভায় আরও বলা হয়, দুই বছর আগে বন্দরের কার্যক্রমের যে গতি ছিল, এখন আর তা নেই। সরকার এটা মেনে নিতে পারে না। সংসদ সচিবালয় জানায়, সভায় ভবিষ্যতে বিদেশি রাষ্ট্রের চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখে কর্তৃপক্ষকে কমপক্ষে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) বিগত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব, সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন, সংস্থার কার্যক্রম ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ধীরেন্দ্র দেবনাথ, এস কে আবু বাকের, বজলুল হক ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন।