চট্টগ্রাম বন্দরে হামলায় চার শ্রমিক সংগঠনের মানববন্ধন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বাধীন চারটি শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের দফায় দফায় হামলায় পণ্ড হয়ে গেছে। এই হামলায় বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হকসহ পাঁচ-ছয়জন আহত হন। হামলার সময় বন্দর ভবনসংলগ্ন চট্টগ্রাম কাস্টম হাউস, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এসব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও উত্কণ্ঠা দেখা দেয়। চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।অভিযোগ উঠেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালান। চট্টগ্রাম বন্দর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মমতাজ উদ্দীন এবং বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি ওয়াহিদ উল্লাহ সরকার মেয়র সমর্থিত বন্দরের চারটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। এসব সংগঠন জোটবদ্ধ হয়ে সম্প্রতি ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী পরিষদ’ নামে নতুন সংগঠন নিবন্ধনের জন্য চট্টগ্রামে যুগ্ম শ্রম অধিদপ্তরে আবেদন করেছে।একইভাবে চট্টগ্রাম বন্দর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহারের নেতৃত্বে চারটি শ্রমিক সংগঠনের জোট ‘চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়ন’ নামে নতুন একটি সংগঠন নিবন্ধনের জন্য আবেদন করেছে। প্রস্তাবিত পরিষদের নেতা-কর্মীরা গতকাল ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে প্রস্তাবিত পরিষদের সভাপতি মমতাজ উদ্দীন প্রথম আলোকে জানান, ‘ট্রানজিটের পক্ষে আমাদের পূর্বঘোষিত মিছিলের শেষ দিকে ইটপাটকেল নিক্ষেপের কারণে এই হামলা হয়েছে। ট্রানজিট বাস্তবায়নের পক্ষে মিছিল কর্মসূচি আমরা এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলাম।’তবে প্রস্তাবিত ইউনিয়নের সভাপতি শামসুল হক অভিযোগ করে বলেন, ‘পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই আমাদের মানববন্ধন কর্মসূচি পণ্ড করতে তারা এই হামলা চালায়।’ তিনি বলেন, ‘আমরা ট্রানজিটের বিপক্ষে নই, বরং বন্দরের স্বার্থ রক্ষা ও শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য মানববন্ধন করতে চেয়েছিলাম।’ শামসুল হক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমন্বয়কারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রামের মেয়রের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এম আবদুল লতিফের অনুসারী বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী মানববন্ধন কর্মসূচি পালন করতে দুপুর ১২টার দিকে ইউনিয়ন নেতারা শামসুল হকের নেতৃত্বে বন্দরের ৪ নম্বর জেটি গেট থেকে বন্দর ভবনের দিকে যাত্রা শুরু করেন। মাঝপথে তাঁদের আটকে দেওয়া হয়। ইউনিয়নের নেতা শামসুল হক ও জামাল উদ্দীনকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। তাঁদের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলা হয়। এদের রক্ষা করতে এসে আরও পাঁচ-ছয়জন নেতা-কর্মী আহত হন। পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে এই দুজনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা রাস্তার ওপর বসে সমাবেশ করে। দুপুর একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়, হামলা চালাকালেই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে আসে। তারা হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করলেও কঠোর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে মহানগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি-পোর্ট) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘তারা মারামারি করলে আমরা কী করতে পারি। তাদের দমন করতে গেলে দুই পক্ষ জোট বেঁধে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার আশঙ্কা ছিল। আমরা সেটা ঘটতে দিইনি।’ চট্টগ্রাম বন্দরের নিজস্ব শ্রমিক সংগঠনের সংখ্যা একটিতে নামিয়ে আনার আইন এবং গেজেট হলেও সে ব্যাপারে খুব বেশি অগ্রগতি নেই বলে জানা গেছে।