চট্টগ্রাম বন্দরের অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্রে অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে ২১ ধরনের নথি তলব করেছে দুদক। বন্দর সূত্র জানায়, দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. আনোয়ারুল হক ১৯ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে আগামী বুধবারের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের অনুরোধ করেন। বন্দর চেয়ারম্যান নিউমুরিং কনটেইনার টার্মিনালের প্রকল্প পরিচালক ক্যাপ্টেন নাজমুল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। নিউমুরিং কনটেইনার টার্মিনালের প্রাক-যোগ্যতা দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তা অনুসন্ধানের জন্য এসব নথিপত্র চাওয়া হয়েছে বলে এই চিঠিতে উল্লেখ করা হয়। দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করে ক্যাপ্টেন নাজমুল আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘গত রোববার দুদকের চিঠি পেয়েছি। দুদক যেসব নথিপত্র চেয়েছে, সেগুলো আমরা পাঠানোর ব্যবস্থা করছি।’প্রসঙ্গত, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্র জমা দেওয়ার এক দিন আগে তা স্থগিত করে নৌপরিবহন মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় দফায় প্রাক-যোগ্যতার পত্র শিথিল করে ব্যাপক আপত্তি সত্ত্বেও সাইফ পাওয়ার টেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়। এরপর মূল দরপত্রও দফায় দফায় সংশোধন করে দুই দফায় বাছাই করা ছয়টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত ৩০ আগস্ট দরপত্র জমা নেওয়া হলেও কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের (সিপিটিইউ) গঠন করা একটি রিভিউ প্যানেল এই দরপত্র বাতিলের আদেশ দেয়। আদেশে দ্বিতীয় দফায় প্রাক-যোগ্যতার দলিল সংশোধন করে বাছাই করা সাইফ পাওয়ার টেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু প্রথমবার তালিকাভুক্ত হওয়া চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে দরপত্র-প্রক্রিয়া আবার শুরুর নির্দেশ দেওয়া হয়। দুজন দরদাতার অভিযোগের ভিত্তিতে কয়েক দফা শুনানি হওয়ার পর রিভিউ প্যানেল এই আদেশ দেয়।দরপত্রে অনিয়মের অভিযোগ নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীও আন্দোলন করছেন। মহিউদ্দিনের আন্দোলনের বিরোধিতা করে নৌমন্ত্রীর পক্ষ নিয়ে স্থানীয় সাংসদ এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন।