চট্টগ্রাম বন্দরের অর্থে আরেকটি আনন্দ ভ্রমণের আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের টাকায় এবার আওয়ামী লীগ-সমর্থিত চার সিবিএ নেতাসহ মোট নয়জনের একটি দল মুম্বাই (ভারত), জেদ্দা (সৌদি আরব) ও দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) বন্দর সফরে যাচ্ছে। এই সফরের ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয় এই সফরের অনুমোদন দিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। এতে (নৌপম/চবশা/সফর-১/৯৮-১৪৫) চলতি মাসে অথবা কাছাকাছি সুবিধাজনক সময়ে সফরের অনুমোদন দেওয়ার বিষয়টি জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত, মিসর, কেনিয়া ও সিঙ্গাপুর সফরে যাচ্ছে। এতে বন্দরের ব্যয় হচ্ছে প্রায় ৬৮ লাখ টাকা। এবারের দলের সদস্যদের অনেকে ইতিমধ্যে বিভিন্ন দেশের বন্দর পরিদর্শনে গেছেন। আবারও একই ব্যক্তি একই দেশে সফরে যাচ্ছেন। তাই বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এঁদের সফরকে আরেকটি আনন্দভ্রমণ বলে উল্লেখ করেন। বন্দর সূত্রে জানা গেছে, এ ধরনের সফরের যাবতীয় খরচ বন্দরের প্রশিক্ষণ খাত থেকে মেটানো হয়। চলতি অর্থবছরে (২০১০-১১ অর্থবছরে) এ খাতে বরাদ্দ ছিল এক কোটি ৫০ লাখ টাকা। অর্থবছরের তিন মাস বাকি থাকতেই বরাদ্দের প্রায় সব টাকা শেষ হয়ে গেছে। ফলে এখন সিবিএ নেতাসহ নয়জনের দলটির বিদেশ সফরের জন্য প্রশিক্ষণ খাতের উদ্বৃত্ত টাকা আছে মাত্র আড়াই লাখ টাকা। ফলে অন্য খাত থেকে ৪০ লাখ টাকা দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ খাতে সরকার থেকে আমরা কিছু বাড়তি বরাদ্দ পাওয়ার আশ্বাস পেয়েছি। ভবিষ্যতে বিদেশ সফরে সেই টাকা ব্যয় করা হবে।’সিবিএ নেতাসহ নয়জনের দলে রয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. নজরুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলা উদ্দিন ফকির, বন্দরের পরিচালক (প্রশাসন) মো. মহিবুল হক, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. কামরুল ইসলাম, ডেপুটি টার্মিনাল ম্যানেজার গোলাম ছরোয়ার, আওয়ামী লীগ-সমর্থিত বন্দর সিবিএর সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ উল্লাহ সরকার এবং দুই যুগ্ম সম্পাদক মো. রফি উদ্দিন খান ও মো. ফখরুল ইসলাম।বন্দর প্রশাসন সূত্র জানায়, আগের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ গত ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আগে ১০ জনের তালিকা করে জাপান, চীন, সিঙ্গাপুর, দুবাই এবং সৌদি আরব অর্থাৎ পাঁচ দেশের বন্দর পরিদর্শনের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান। বন্দর চেয়ারম্যানের পক্ষে সচিব সৈয়দ ফরহাদ আহমদ চিঠিটি পাঠান। মন্ত্রণালয় তিনজনের নাম পরিবর্তন এবং দেশের সংখ্যা দুটি কমিয়ে অনুমোদন দেয়।বন্দরের নথিপত্র ঘেঁটে দেখা যায়, নজরুল ইসলাম বন্দরের টাকায় ইতিমধ্যে বন্দর ব্যবস্থাপনা ও অপারেশনসের ওপর সিঙ্গাপুরে দুই সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব মর্যাদার এই কর্মকর্তা ডেপুটেশনে বন্দরে কাজ করছেন। যেকোনো সময় তিনি মন্ত্রণালয়ে ফেরত যেতে পারেন।নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনে ফেরত গেলে বন্দরের এসব প্রশিক্ষণ কোনো কাজে আসবে না। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ে থাকলেও হয়তো কাজ দেবে। এবারের সফরকারী দলে আমার নাম কীভাবে এল, বলতে পারব না।’ এই দলের আরেক সদস্য প্রশাসন ক্যাডারের উপসচিব মহিবুল হক বন্দরের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইতিমধ্যে তুরস্ক সফর করেছেন। গত সপ্তাহে বন্দর কর্তৃপক্ষ তাঁকে বন্দর থেকে প্রত্যাহার করে প্রশাসন ক্যাডারে ফেরত নিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ারম্যান আমাকে ডেকে বলেছিলেন, দুই বছর তো আপনাকে কোনো ভালো জায়গায় পাঠাতে পারিনি, দেখি এবার সিবিএর সঙ্গে কোথাও পাঠাতে পারি কি না। হয়তো এ কারণে আমাকে রাখা হয়েছে।’এ দলের সদস্য সিবিএর নেতা মমতাজ বন্দরের টাকায় ২০০৫ সালের জুনে বন্দরের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে দুবাই (সংযুক্ত আরব আমিরাত), বন্দর আব্বাস (ইরান), আলেকজান্দ্রিয়া (মিসর) এবং জেদ্দা (সৌদি আরব) বন্দর সফরে গিয়েছিলেন। দুই সপ্তাহের ওই সফরে ব্যয় হয়েছিল প্রায় ৪৫ লাখ টাকা। এবারও তাঁর সফরে দুবাই ও জেদ্দা থাকছে।মমতাজ বলেন, ‘আমি অসুস্থ, বিদেশ যাওয়ার আমার তেমন আগ্রহ নেই। মন্ত্রণালয় ও বন্দরের কর্মকর্তারা নিজেদের সফর জায়েজ করতে সিবিএ নেতাদের দলে ভিড়িয়েছেন।’সেনাবাহিনী থেকে প্রেষণে আসা সদস্য লে. কর্নেল মো. কামরুল ইসলাম বন্দরের প্রতিনিধিদলের সদস্য হিসেবে গত দুই বছরে ইউরোপ-আমেরিকার চারটি দেশ সফর করেছেন। এবারও দলে তাঁর নাম আছে। তাঁকে সেনাবাহিনীতে ফেরত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।প্রয়োজন না থাকা সত্ত্বেও এভাবে লোকজনকে বন্দরের টাকায় বারবার বিদেশ পাঠানো প্রসঙ্গে বন্দরের চেয়ারম্যান বলেন, ‘ভবিষ্যতে এমন আর হবে না, এমন ব্যবস্থা আমরা নিচ্ছি।’