চট্টগ্রাম বন্দরের আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্তরা গুরুত্বপূর্ণ পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও দুর্নীতির অভিযোগ ওঠা চট্টগ্রাম বন্দরের চারজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁদের ঘন ঘন বিদেশ সফরেরও সুযোগ দেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে এই চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন তখন সত্য ও জবাবদিহিতা (ট্রুথ) কমিশনে দুর্নীতির দায়ও স্বীকার করে নিয়েছিলেন।বন্দরের এই চারজন কর্মকর্তা হলেন বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক মশিউর রহমান বেগ, প্রকল্প পরিচালক মো. খায়রুল মোস্তফা, প্রধান হাইড্রোগ্রাফার মো. হাবিবুর রহমান খান ও উপব্যবস্থাপক (এস্টেট) জিল্লুর রহমান।মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, সব কর্মকর্তাকে দিয়ে সব কাজ হয় না। তাই ওই তিনজনকে স্বপদে বহাল রাখা হয়েছে।’ তিনি দাবি করেন, মন্ত্রণালয়ের চিঠি দুটি পাওয়ার পর বন্দরের চেয়ারম্যান ওই তিনজন কর্মকর্তাকে রাখার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন।’ তবে চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিদেশ সফরে থাকায় তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায়নি।বন্দর সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সৈয়দ কামাল উদ্দীনের সই করা এক চিঠিতে (নম্বর: নৌপম/চবশা/আবেদন-২/২০০৭-৮৫৬) ওই চারজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁদের কম গুরুত্বপূর্ণ পদে বদলি এবং তাঁদের কার্যকলাপের ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়।এর আগে গত ২৬ অক্টোবর চট্টগ্রাম বন্দরকে দেওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মমতাজ আলী স্বাক্ষরিত আরেক চিঠিতে (নৌপম/চবশা/আবেদন-২/২০০৭-৭৪৬) বলা হয়, ‘বন্দরের আত্মস্বীকৃত তিনজন কর্মকর্তা (এখানে মশিউরকে বাদ দেওয়া হয়েছে) বন্দরের কাজে যোগ দেওয়ায় সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা স্বপদে বহাল থাকলে বন্দরের দুর্নীতি আগের চেয়ে ব্যাপক হবে বলে প্রতীয়মান হচ্ছে।’১ ডিসেম্বর পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা চারজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। দুদক জিল্লুর রহমানের নিজ এবং পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ এবং খায়রুল মোস্তফা ও তাঁর পরিবারের জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৩৫ লাখ টাকার সন্ধান পায়। এ ছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে তিনজন ট্রুথ কশিমনে দুর্নীতির দায় স্বীকার করেন। কমিশন জিল্লুর রহমান ও খায়রুল মোস্তফাকে ১০ লাখ টাকা করে এবং হাবিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করে। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তাঁরা কমিশনের অনুকম্পা গ্রহণ করেন। তবে মশিউর ট্রুথ কমিশনে যাননি বা জরিমানার টাকা দেননি।বন্দর সূত্রে জানা গেছে, জিল্লুর রহমানকে বন্দরের প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ উপব্যবস্থাপক (এস্টেট) পদে নিয়োগ দেওয়া হয়। এ পদের কর্মকর্তা বন্দরের যাবতীয় ভূসম্পত্তি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ, ভূমি ইজারা প্রদান, ইজারা বাতিলসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সিদ্ধান্তের ফাইলের সূচনা করেন।একইভাবে খায়রুলকে প্রকল্প পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়। তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে বন্দরের কোটি কোটি টাকার নতুন যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। হাবিবুর রহমানকে দেওয়া হয়েছে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পপ্রধানের দায়িত্ব। বাস্তবায়নাধীন এই প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হওয়ার কথা।মশিউর রহমানকে দেওয়া হয়েছে বন্দরের ট্রার্মিনাল ব্যবস্থাপকের দায়িত্ব। টার্মিনালে যাবতীয় কনটেইনার ওঠানো-নামানো কার্যক্রম (অপারশেন) এ পদবির কর্মকর্তা তদারক করেন।বন্দরের প্রশিক্ষণ বিভাগ সূত্র জানায়, খায়রুলকে একটি বিদেশ সফরকারী দলের সদস্য করা হয়েছে। গত ৬ ডিসেম্বর চার সদস্যের দলটির এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। কিন্তু দুজন সময়মতো ভিসা না পাওয়ায় যাত্রার সময় পিছিয়ে গেছে। আগামী সপ্তাহে তাঁদের বিদেশে যাওয়ার কথা। এর আগে গত ডিসেম্বরে সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ভারতে যান খায়রুল ও জিল্লুর।