কনটেইনারে আরেক যুবক বিদেশে
চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
চট্টগ্রাম বন্দর থেকে জাহাজের খালি কনটেইনারে আত্মগোপন করে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন এক যুবক। মালয়েশিয়ায় নামাতে না পেরে ওই যুবককে পরে ফ্রান্সশাসিত আফ্রিকার রি-ইউনিয়ন দ্বীপ এবং প্যারিস নেওয়া হয়। ৩৪ দিন পর গত ১৫ জানুয়ারি তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।ওই যুবকের নাম মো. রিপন (২২)। পেশায় তিনি ফলবিক্রেতা। খালি কনটেইনারে আত্মগোপন করে থাকলেও ভাগ্যচক্রে ওই কনটেইনারটি একদিকে খোলা ছিল। এ কারণে তিনি বেঁচেছিলেন।গত ১ এপ্রিল বন্দরের দুই শ্রমিক আলমগীর ও দ্বীন ইসলাম কনটেইনারের ভেতর বিশ্রাম নেওয়ার সময় সেই কনটেইনারটি জাহাজে তুলে নেওয়া হয়। প্রায় ১০ দিন পর সিঙ্গাপুরে মুমূর্ষু অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করা হলেও আলমগীর মারা যান। এ দুটি ঘটনা জানাজানির পর চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক স্বীকৃত নিরাপত্তাব্যবস্থা ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোডের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এ ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নৌ-সংস্থা (আইএমও) কারিগরি সহযোগিতা ও অর্থায়ন করে। ২০০৪ সালের জুলাইয়ে চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড সম্পন্ন করেছে বলে আইএমওর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিকমানের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে এভাবে লোকজনের কনটেইনারে ঢুকে পড়ায় চট্টগ্রাম বন্দরের আইএসপিএস কোড নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশে আইএসপিএস কোড বাস্তবায়ন-সংক্রান্ত কমিটির প্রধান সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, এভাবে বন্দর থেকে দুই দফায় তিনজন মানুষের কনটেইনারে করে চলে যাওয়া প্রমাণ করে, আইএসপিএস কোড বাস্তবায়নে কোথাও গলদ আছে। এটার সুরাহা না হলে আইএমওর নীতিমালা অনুযায়ী কোনো বিদেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে না, আবার এলেও এ বন্দর থেকে পণ্য নিয়ে যাবে না।জানা গেছে, কার গাফিলতির কারণে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড লঙ্ঘিত হচ্ছে, তা খতিয়ে দেখতে সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে গতকাল শনিবার চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে। নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তাকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম বন্দর, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং কোস্টগার্ড প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।কনটেইনারে রিপনের বিদেশ যাত্রা: গত বছরের ৭ ডিসেম্বর বন্দরের ১৩ নম্বর জেটিতে ভেড়ে এমভি মার্কস উইলমিংটন। রপ্তানির কনটেইনার নিয়ে পাঁচ দিন পর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার সময় জাহাজের কনটেইনারে আত্মগোপন করেন ফলবিক্রেতা রিপন। বন্দরের একটি চক্রের সহায়তায় তিনি জাহাজে ওঠেন।জাহাজমালিকের স্বার্থরক্ষাকারী সংস্থা ‘পিঅ্যান্ডআই’ ক্লাবের প্রতিনিধি হিসেবে রিপনকে দেশে ফিরিয়ে আনার কাজে মধ্যস্থতা করেন ‘ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড’ নামের একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের। তিনি প্রথম আলোকে বলেন, জাহাজটি মালয়েশিয়া যাওয়ার পর রিপন কনটেইনার থেকে বেরিয়ে আসেন। আইনের কড়াকড়ির কারণে তাঁকে মালয়েশিয়ায় নামানো যায়নি। শেষ পর্যন্ত জাহাজটির যাত্রাপথে ভারত মহাসাগরের পাশে ফ্রান্সশাসিত আফ্রিকার দেশ রি-ইউনিয়নে তাঁকে নামিয়ে দেওয়া হয়। জানা গেছে, পরে ফরাসি পুলিশ রিপনকে প্যারিস নিয়ে যায়। সেখানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁকে দেশে পাঠানো হয়। অস্থায়ী পাসপোর্ট নিয়ে রিপন গত ১৫ জানুয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন।খোঁজ নিয়ে জানা গেছে, রিপনের বাড়ি বরগুনার বামনা উপজেলার বড়তালেশ্বর গ্রামে। দেশে ফিরে প্রায় দুই মাস বাড়িতে ছিলেন তিনি। দুই সপ্তাহ আগে তিনি ঢাকায় গিয়ে একটি দোকানে কাজ শুরু করেন।গতকাল শনিবার মুঠোফোনে রিপনের মা বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ‘রিপন চট্টগ্রামে ফলের দোকানে কাজ করত। একপর্যায়ে কারও সহায়তায় জাহাজে করে বিদেশে যায় সে। তাকে ঘুমিয়ে কনটেইনারে ভর্তি করে বিদেশে পাঠানো হয়েছিল। আল্লাহর দয়ায় সে জীবিত দেশে ফিরেছে।’