চট্টগ্রাম বন্দরের ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৪৭
চট্টগ্রাম বন্দরের আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে বন্দর থানায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে জোর করে বন্দরের সংরক্ষিত জেটি এলাকার ফটক খুলে ভেতরে ঢুকেছেন বা ওই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন—এমন শ্রমিকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া গত সপ্তাহে টানা ছয় দিন বন্দর অচল করে রাখার সঙ্গে জড়িত শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার করতে প্রতি রাতে অভিযান চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পর্যন্ত বন্দর থানায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে গত বুধবার পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এ ঘটনায় ওই দিন গ্রেপ্তার ২৯ জনকে ওই মামলার আসামি দেখানো হয়। তাঁদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা এবং বন্দর কর্তৃপক্ষ বাদী হয়ে অন্য মামলাটি করে। পুলিশের মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ মোট ৪০০ জনকে আসামি করা হয়। বন্দর কর্তৃপক্ষের মামলায় মোট আসামি করা হয় ৪০০ জনকে। তাঁদের মধ্যে ৬২ জনের নাম উল্লেখ করা হয়।বন্দরে শ্রমিক-অস্থিরতার ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার জেটির ভেতর ঢুকে শ্রমিক নেতাদের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হবে। বন্দর অচল করা, ফটক ভেঙে জেটির সংরক্ষিত এলাকায় ঢুকে মারামারির সঙ্গে জড়িতদের এসব মামলার আসামি করা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, বন্দরের নিজস্ব ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিও ফুটেজ দেখে শ্রমিক ও নেতাদের মামলায় আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৬২ জনকে চিহ্নিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শ্রমিক নেতা বিপ্লব মজুমদারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব চট্টগ্রাম বন্দর লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্টাফ ইউনিয়নের নেতা আবু মনসুর দেওয়ান, লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নের নেতা আবুল বাশার ও মো. ইলিয়াস এবং জাতীয় শ্রমিক লীগের নেতা আবুল কাশেম। অন্য দুজন সাধারণ শ্রমিক।অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বন্দর অচল করার কর্মসূচির সঙ্গে এই শ্রমিক ইউনিয়ন এবং স্টাফ ইউনিয়ন নামে পরিচিত স্টিভিডোরিং স্টাফরা জড়িত ছিলেন। এ ছাড়া ‘ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ’ নামে সদ্যগঠিত একটি শ্রমিক সংগঠন শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দেয়। এ সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে মোহরম আলী, আকতার হোসেন ও আবদুল মজিদকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, ‘বন্দরের সংরক্ষিত এলাকার ফটক ভেঙে জেটিতে ঢোকা উচ্ছৃঙ্খল শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে মামলা হবে।’চট্টগ্রাম ডক শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ ঢালাও আসামি করে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের উচিত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা। গত মঙ্গলবার আন্দোলনরত শ্রমিকেরা জোর করে বন্দরের সংরক্ষিত জেটির ফটক খুলে ভেতরে ঢোকেন। তাঁরা সেখানে কয়েকজন শ্রমিক নেতাকে মারধর করেন। বন্দরের সংরক্ষিত জেটির মতো স্পর্শকাতর এলাকায় এভাবে লোকজন ঢুকে পড়ার ঘটনা বন্দরের ইতিহাসে আর কখনো ঘটেনি। এ ঘটনার পরদিন বন্দর প্রশাসনের অনুরোধে সরকার বন্দরে সেনাবাহিনী মোতায়েন করে।