চট্টগ্রাম বন্দরের জেটি খালি নেই, বহির্নোঙরে জাহাজজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জেটি খালি না থাকায় বহির্নোঙরে জাহাজের জট লেগেছে। জেটিতে ভেড়ার অপেক্ষায় গতকাল বৃহস্পতিবার বহির্নোঙরে কনটেইনার ও সাধারণ পণ্যবাহী ২৭টি জাহাজ অবস্থান করছিল।এসব জাহাজ এক দিন থেকে সর্বোচ্চ ১৯ দিন পর্যন্ত বহির্নোঙরে অপেক্ষা করছে। জেটি খালি না থাকায় জাহাজগুলো জেটিতে ভিড়িয়ে পণ্য খালাস করা যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরের জাহাজের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।এদিকে বেসরকারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য দরপত্রের প্রক্রিয়া শেষ না হওয়ায় নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) তিনটি জেটি খালি রয়েছে। কাজ না হওয়ায় বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোকে এসব জেটিতে ভেড়ানো যাচ্ছে না। প্রায় তিন বছর আগে এনসিটির মোট পাঁচটি জেটির মূল কাজ শেষ হয়।বন্দরের তালিকা থেকে দেখা যায়, আগামী সোমবারের মধ্যে বন্দরে আরও ২৬টি জাহাজ আসার কথা। এ পরিস্থিতিতে জাহাজে পণ্য ওঠানো-নামানো দ্রুত করা না হলে বহির্নোঙরে জট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সদস্য হাদী হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বন্দর পরিস্থিতির উন্নতি করতে আমরা কাজ শুরু করেছি।’ শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রসঙ্গত, বন্দরের মূল জেটিতে সাধারণ ও কনটেইনারবাহী ১৬টি জাহাজে পণ্য ওঠানো-নামানো হচ্ছে। এসব জেটির মধ্যে ছয়টিতে বন্দরের পরিচালনায় এবং ১০টিতে বেসরকারি পরিচালনায় কাজ হচ্ছে। গতকাল বন্দরের জেটি, মুরিং ও বহির্নোঙর মিলিয়ে পণ্যবাহী ৭৭টি জাহাজ অবস্থান করছিল।বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজগুলোর মধ্যে সরকারি-বেসরকারি খাদ্যশস্যবাহী আটটি জাহাজ রয়েছে। এ ছাড়া কনটেইনারবাহী জাহাজ রয়েছে ১২টি। বাকি সাতটি জাহাজে অন্যান্য পণ্য আছে। অতিরিক্ত সময় অবস্থান করায় এসব জাহাজকে ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। প্রতিটি সাধারণ ও কনটেইনারবাহী জাহাজের প্রতিদিনের ভাড়া পড়ে গড়ে ১৫ হাজার মার্কিন ডলার।এ প্রসঙ্গে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ বলেন, ‘বন্দর পরিস্থিতি নিয়ে আমরা কাল শনিবার বৈঠকে বসব। বন্দর পরিচালিত ছয়টি জেটি বেসরকারি খাতে ছেড়ে দিলে পরিস্থিতির উন্নতি হবে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দর পরিচালিত ছয়টি কনটেইনার জেটিতে পণ্য ওঠানো-নামানোয় সময় লাগছে বেশি। অন্যান্য জেটিতে দিন-রাত ২৪ ঘণ্টা পণ্য ওঠানো-নামানো হলেও বন্দর পরিচালিত জেটিগুলোতে নানা কারণে কয়েক ঘণ্টা কাজ হয় না। পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকদের সময়ভিত্তিক মজুরি দেওয়ার কারণেও কাজে গতি কম থাকছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।তবে বন্দর কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে পরিবাহিত আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনারের সংখ্যা বৃদ্ধি, ক্রেনবিহীন জাহাজের সংখ্যা বেড়ে যাওয়া, বন্দর পরিচালিত ছয়টি জেটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দিতে দীর্ঘসূত্রতার কারণে জাহাজের জট বেড়েছে।প্রসঙ্গত, গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়সীমা আড়াই দিনে নামিয়ে আনাসহ বন্দর পরিস্থিতির উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বন্দরে প্রতিটি জাহাজের গড় অবস্থানের সময়সীমা প্রায় পাঁচ দিন।