চট্টগ্রাম বন্দরের দুই জরিপ জাহাজ তৈরি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় সোয়া ১৭ কোটি টাকায় দুটি জরিপ জাহাজ কিনতে বেসরকারি ডকইয়ার্ড মেসার্স কর্ণফুলী শিপইয়ার্ড (প্রা.) লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী জাহাজ দুটি তৈরি করে এক বছরের মধ্যে সরবরাহ করার কথা ছিল। অথচ এখনো জাহাজের কাঠামো চূড়ান্ত করতে পারেনি প্রতিষ্ঠানটি।চুক্তি সইয়ের সময় প্রতিষ্ঠানটিকে অগ্রিম এক কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু চুক্তির পর এক বছর পেরিয়ে গেলেও কর্ণফুলী কর্তৃপক্ষ জাহাজ সরবরাহ করেনি। বরং চুক্তি বাতিলের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে চেষ্টা-তদবির করছে বলে অভিযোগ পাওয়া গেছে।বন্দর সূত্র জানায়, কর্ণফুলীর সঙ্গে চুক্তি বাতিল হলে অগ্রিম দেওয়া টাকা ফেরত নেওয়া সম্ভব হবে না। উল্টো প্রতিষ্ঠানটি চুক্তি ভঙ্গের অভিযোগে বন্দরের বিরুদ্ধে মামলা করে আরও কিছু ক্ষতিপূরণ আদায় করে নিতে পারে। ১৬ মে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের সইয়ে লেখা এক চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।জানা গেছে, গত বছরের ৬ জুন বন্দর ও কর্ণফুলী কর্তৃপক্ষের মধ্যে জরিপ জাহাজসংক্রান্ত চুক্তি হয়। ৫ জুনের মধ্যে জাহাজ দুটি সরবরাহের শর্ত ছিল চুক্তিতে। কিন্তু এখনো জাহাজের কাঠামো চূড়ান্ত করতে পারেনি কর্ণফুলী শিপইয়ার্ড কর্তৃপক্ষ। এমনকি জাহাজ দুটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অথচ প্রায় ২০ নটিক্যাল মাইল দীর্ঘ চট্টগ্রাম বন্দর চ্যানেল এবং বিস্তীর্ণ বহির্নোঙরে নিয়মিত নাব্যতা পর্যবেক্ষণে এ ধরনের জরিপ জাহাজ দ্রুত সংগ্রহ করা প্রয়োজন।সূত্র জানায়, নিয়ম অনুযায়ী চুক্তি সইয়ের পরপরই মোট দরপ্রস্তাবের ১০ শতাংশ অর্থাৎ এক কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা দেওয়া হয় কর্ণফুলীকে। টাকা নেওয়ার পর প্রতিষ্ঠানটি চুক্তির বিভিন্ন শর্ত পরিবর্তনের জন্য বন্দরের ওপর চাপ দিতে থাকে।কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের যেকোনো শিপইয়ার্ডে জাহাজ বানাতে গেলে সময় সময় কিছু জিনিস পরিবর্তন করতে হয়। আমরা এ ধরনের কিছু পরিবর্তনের জন্য বন্দরে প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা সাড়া দিচ্ছে না বলে জাহাজ বানাতে দেরি হচ্ছে।’দরপত্রের প্রাকযোগ্যতা যাচাই বৈঠকে এসব পরিবর্তনের কথা না বলে এখন কেন বলা হচ্ছে জানতে চাইলে এম এ রশিদ বলেন, ‘আমরা বিদেশি প্রতিষ্ঠানের কাছে যখন নকশা তৈরি করতে যাই, তখন পরিবর্তনের বিষয়গুলো সামনে আসে। বন্দর যেভাবে জাহাজ বানাতে চাইছে, সেভাবে তৈরি জাহাজ কোনো দিন সাগরে ভাসানো যাবে না।’ তিনি অভিযোগ করেন, ‘নৌবাহিনীর লোকজন বন্দরকে ডুবাচ্ছে। তারা বন্দরের কাজ বুঝে না। ১০ মিনিটে যে কাজ করা সম্ভব, সেটা করতে তারা তিন মাস সময় নিচ্ছে।’বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। চুক্তির শর্তমতো দুটি জরিপ জাহাজ যথাসময়ে কর্ণফুলী শিপইয়ার্ড কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি। অভিযোগ পাওয়া গেছে, চুক্তিবদ্ধ আরও কয়েকটি কাজ সময়মতো না করে চট্টগ্রাম বন্দরের আর্থিক ক্ষতি করেছে কর্ণফুলী শিপইয়ার্ড। এর মধ্যে রয়েছে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে বার্জ-১৩ এবং ২০ কোটি টাকা ব্যয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ বিএলবি লুসাই মেরামত। বার্জ-১৩ মেরামতের শেষ সময় ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। নির্ধারিত সময়ের ৩৫ দিন পর কাজ শেষ করলেও প্রতিষ্ঠানটি কোনো জরিমানা পরিশোধ করেনি। বিএলবি লুসাইয়ের কাজ শেষ করার কথা ছিল গত ১৪ এপ্রিল। কর্ণফুলী শিপইয়ার্ড কর্তৃপক্ষ নিজেরাই ২৫ দিন বাড়িয়ে ৬ মে পর্যন্ত সময় নির্ধারণের প্রস্তাব অনুমোদন করায়। কিন্তু ওই সময়ের মধ্যেও জাহাজটি সম্পূর্ণ মেরামত করতে পারেনি কর্ণফুলী। তবে এম এ রশিদ দাবি করেন, সময়মতো কাজ না হওয়ার জন্য বন্দরের কয়েকজন কর্মকর্তাই দায়ী।