চট্টগ্রাম বন্দরের প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী ও চাক্তাই খালের মুখের প্রায় ৫৬ একর জায়গা দখল করে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা প্রায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি তুলেছেন। এসব ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালাতে এর আগে তিন দফায় সিদ্ধান্ত হয়। কিন্তু উচ্ছেদ অভিযান চালু করা যায়নি। বরং এখনো সেখানে খাল-নদী ভরাট করে নতুন নতুন ঘরবাড়ি উঠছে।সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে চট্টগ্রাম জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ইয়াসমিন পারভিন তিবরিজ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে এবং এর আগে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের চাপে উচ্ছেদ আর হয়নি।সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওই এলাকা দিয়ে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ‘ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প’ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। গত ১ ডিসেম্বর সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘মালয়েশিয়া মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন’ নামের বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলেই প্রকল্পের কাজ শুরু হবে।ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে নদী থেকে প্রায় সোয়া ১২ কোটি ঘনফুট (৩৫ লাখ ঘনমিটার) মাটি উত্তোলন, কর্ণফুলী নদীর উত্তরপাড়ের তৃতীয় কর্ণফুলী সেতু (শাহ আমানত সেতু) থেকে শুরু করে পশ্চিম দিকের সদরঘাট লাইটারেজ জেটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হবে। এ বাঁধের ওপর হবে মেরিন ড্রাইভ সড়ক এবং প্রায় আধা কিলোমিটার দীর্ঘ জেটি। এসব জেটিতে একসঙ্গে ৫০টি লাইটার জাহাজের (ছোট জাহাজ) পণ্য ওঠানো-নামানো যাবে। শুরুর দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে।প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরদিন থেকে এসব বাড়িঘর ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে।সরেজমিনে দেখা গেছে, মূল চাক্তাই খাল এবং নতুন চাক্তাই খালের মাঝের নদী ও খালমুখ ভরাট করে গড়ে তোলা হয়েছে প্রায় ১৫০টি টিনশেড কলোনি। কোনোটি শেড বাঁশের বেড়া আবার কোনোটি ইট দিয়ে তৈরি। প্রতিটি শেডে ১০ থেকে সর্বোচ্চ ৭০টি কক্ষ দেখা গেছে। এসব কলোনি নির্মাণের সঙ্গে মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তি জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের শিকলবাহায়।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা মনজুর মাহমুদ বলেন, গত ২৪ দিনের ব্যবধানে মহিউদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ওই এলাকায় তেমন যান না। কর্মচারীদের মাধ্যমে ওইসব ঘর থেকে তিনি নিয়মিত ভাড়া আদায় করেন। কিছু জায়গা তাঁর অনুসারী বলে পরিচিত লোকজনের কাছে বিক্রি করেছেন। এসব কলোনির বাসিন্দারা মূলত নিম্ন আয়ের মানুষ। প্রতিটি কক্ষের ভাড়া ৮০০ থেকে এক হাজার টাকা।গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, নদীসংলগ্ন এলাকায় সর্বশেষ মাটি ভরাট করে যে তিনটি শেড গড়ে ওঠে, সেটি মামুনের কলোনি নামে পরিচিত। এসব শেডের একটি কক্ষের ভাড়াটে শামসুল হক (৬০) জানান, প্রায় তিন মাস আগে তিনি এখানে পরিবার নিয়ে ওঠেন। ভাড়া দেন ৬৫০ টাকা। মামুনের কর্মচারী এসে প্রতি মাসে ভাড়া নিয়ে যান।হাতিয়ার মহিউদ্দিন (৪৫), পটুয়াখালীর মিলন (২৮), বরগুনার আলাউদ্দিনসহ কলোনির বেশ কয়েকজন বাসিন্দা জানান, যার নামেই শেড হোক, মূল নিয়ন্ত্রণ মহিউদ্দিনের। মহিউদ্দিন তাঁর নিজস্ব ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি তুলে নদীর পাড় ভরাট করে নিজে কলোনি তোলেন কিংবা ২০ থেকে ৮০ হাজার টাকা প্রতি গন্ডা (২ শতাংশ) ভরাট জায়গা বিক্রি করেন।খোঁজ নিয়ে জানা গেছে, মহিউদ্দিন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে যখন যে দল ক্ষমতায় আসে, তখন সেই দলের স্থানীয় নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। বিগত জোট সরকারের আমলে তিনি দক্ষিণ চট্টগ্রামের প্রভাবশালী একজন বিএনপির নেতা ও সাংসদের সহায়তায় দখল চালান। এখন তিনি দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগের একজন সাংসদের প্রশ্রয় পাচ্ছেন।এসব বিষয়ে জানতে মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।