চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে ডাকাতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ার দুই দিন পর ১৪ সেপ্টেম্বর কনটেইনারবাহী জাহাজ ওয়েস্ট স্ক্যান্টে ডাকাতি হয়। ছয় থেকে আটজনের ডাকাত দল ছুরির ভয় দেখিয়ে জাহাজ থেকে চারটি মূল্যবান রশি লুট করে। বহির্নোঙর ‘বি’ আঙ্করেজ থেকে জাহাজের ক্যাপ্টেন বেতারবার্তায় বন্দরে ঘটনাটি জানান। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। জাহাজে ডাকাতি অব্যাহত থাকায় পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইবিএম) চট্টগ্রাম বন্দরকে উচ্চ ঝুঁকি এলাকা হিসেবে চিহ্নিত করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েস্ট স্ক্যান্ট জাহাজের স্থানীয় প্রতিনিধি সি মেরিন শিপিং লাইনসের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঘটনার পর বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়েছে। কিন্তু লুট হওয়া মালামাল উদ্ধার করা যায়নি।ওয়েস্ট স্ক্যান্টসহ গত মাসে এমভি মারিয়েন, ভিশন, সানরাইজ, বসুন্ধরা-৩ ও জিন্দাল ভারুনা নামের ছয়টি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। নৌকায় করে কিরিচ, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে জাহাজের দামি রশি ও স্টোরের মালামাল নিয়ে যায় ডাকাতেরা। একেকটি রশির দাম এক থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হওয়ায় রশি বেশি ডাকাতি হয় বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চলতি বছর বন্দরে আসা বিদেশি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে বেশি। চলতি বছরের প্রথম নয় মাসে এ ধরনের ৫০টি ঘটনা নথিভুক্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরই সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে।বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ বলেন, বন্দরের এসব ঘটনা তাৎক্ষণিক বিশ্বজুড়ে প্রচারিত হয়। এ কারণে জাহাজের ক্যাপ্টেনরাও ভীত। বন্দর জলসীমায় আসার পরপরই অনেক বিদেশি জাহাজের ক্যাপ্টেন সশস্ত্র পাহারা চাইছেন।বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, সংখ্যার দিক থেকে বেশি মনে হলেও ডাকাতির ১৪টি ঘটনা ব্যর্থ হয়েছে। তবে ডাকাতি বন্ধে বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও কোস্টগার্ডের মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী স্থলভাগে পুলিশ, সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং বন্দরের মুরিং পর্যন্ত এলাকায় বন্দরের সিকিউরিটি বোট তদারক করছে।১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জলদস্যুতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে তদারকি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের নিরাপদ ভাবমূর্তি ফিরিয়ে আনতে জলদস্যু এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়।বন্দরের নথিপত্রে দেখা গেছে, বন্দর জলসীমায় ২০০৬ সালে ৪৫টি, ২০০৭ সালে ৩৫টি, ২০০৮ সালে ৩৮টি এবং গত বছর ৪৯টি জাহাজ ডাকাতদের কবলে পড়ে। চলতি বছর ৫০টি জাহাজ ডাকাতদের কবলে পড়ে। এর মধ্যে ৩৫টি জাহাজের মূল্যবান রশি ও স্টোরের মালামাল লুট হয়। বন্দর কর্তৃপক্ষের হিসাবে, একটি ঘটনায়ও অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়নি। এ ছাড়া এসব ঘটনাকে ছোট আকারের চুরি হিসেবে উল্লেখ করা হয় বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদনে।তবে বিশ্বজুড়ে জলদস্যুতা নিয়ে পর্যবেক্ষণকারী কুয়ালালামপুরভিত্তিক সংস্থা আইসিসি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর ‘পাইরেসি অ্যান্ড আর্মড রোবারি অ্যাগেইনস্ট শিপ, জানুয়ারি-জুন’ শীর্ষক এক প্রতিবেদনে দেখা গেছে, চট্টগ্রাম বন্দরে জাহাজে দস্যুতার ঘটনা আগের তুলনায় বেড়েছে। এ জন্য চট্টগ্রাম বন্দরকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এসব এলাকায় নাবিকদের সতর্ক থাকতে বলা হয়। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরও ছয়টি এলাকা ঝুঁকিপূর্ণ বলে সংস্থাটি জানায়।বন্দর কর্মকর্তারা স্বীকার করেন, এসব ঘটনায় বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মো. কামরুল ইসলাম গত ২৪ জুন এক চিঠিতে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে জানান, ‘...বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজে চুরি-ডাকাতি উল্লেখযোগ্য হারে বাড়ছে। এ কারণে বহির্বিশ্বে বাংলাদেশ তথা চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।’চুরি-ডাকাতি প্রতিরোধে বন্দরে জাহাজ ভেড়ার পরপরই জাহাজে পাহারাদার নিয়োগ করা হয়। পাহারাদারেরা খালি হাতে দায়িত্ব পালন করেন। এর বাইরে কোস্টগার্ডের সদস্যরা ঘটনা সম্পর্কে খবর পেলে অভিযান চালান।কোস্টগার্ডের লে. কমান্ডার রায়হান রউফ দাবি করেন, বন্দরের এসব ঘটনা দস্যুতার পর্যায়ে পড়ে না। সোমালিয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এখানে। কিছু ঘটনা চুরি এবং কিছু ডাকাতি হিসেবে ধরা যায়। যে ধরনের ঘটনাই হোক না কেন, কোস্টগার্ড তদারকি বাড়াচ্ছে।