চট্টগ্রাম বন্দরের সেবার মান নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সেবার মান হ্রাস, ঘুষ-দুর্নীতি ও শ্রমিক অসন্তোষ বৃদ্ধি, সংরক্ষিত জেটি এলাকার জেটি থেকে আমদানি-রপ্তানি পণ্য উধাও হওয়াসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। গতকাল বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ব্যবসায়ীরা তাঁদের ক্ষোভের কথা জানান।পৌনে তিন ঘণ্টার বৈঠকে বাদানুবাদ ও আলোচনা শেষে চট্টগ্রাম বন্দরের সেবার মান উন্নত করতে একগুচ্ছ সিদ্ধান্ত বাস্তবায়নে মতৈক্য হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে বন্দরে জাহাজের গড় অবস্থানকালীন সময় (টার্ন রাউন্ড টাইম) আড়াই দিনে (৪৮ ঘণ্টা) নামিয়ে আনা, বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে পণ্য চুরি ঠেকাতে আরও নতুন ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন ও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা করা, এক সপ্তাহের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পণ্য ওঠানো-নামানোর কাজের দরপত্র আহ্বানের ব্যবস্থা করা, তিনটি কনটেইনার জেটির দরপত্রের কাজ ২২ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা, বন্দর পরিচালনায় পরামর্শক কমিটিকে সক্রিয় করা, কিছু নতুন যন্ত্রপাতি কেনা ইত্যাদি। এসব কাজের অগ্রগতি পর্যালোচনায় দুই মাস পর একই কার্যালয়ে অনুরূপ বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিমের সভাপতিত্বে বৈঠকে এফবিসিসিআইয়ের বন্দরবিষয়ক কর্মকর্তা এস এম নুরুল হক, বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, প্রথম সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আরও ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) ফরিদ উদ্দীন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আর ইউ আহমদ ও দুই সদস্য হাদি হোসেন ও আরিফ মাহমুদ, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) খায়রুল মোস্তফা, চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি ও রপ্তানি শাখার দুই কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া ও জামাল হোসেন।বৈঠক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম বন্দরের সেবার মান দিন দিন হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, বর্তমান সরকারের ১৪ মাস বন্দর পরিস্থিতি ভালো থাকলেও গত চার-পাঁচ মাসে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘুষ-দুর্নীতি-বকশিশ ফিরে এসেছে। শ্রমিকেরা আন্দোলনের নামে যখন-তখন কাজ বন্ধ করে দিচ্ছেন। কনটেইনার ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বন্দর পরিস্থিতি এক-এগারোর আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বন্দরের সংরক্ষিত জেটি এলাকার মধ্য থেকে কনটেইনারের মালামাল লোপাট হওয়ার প্রসঙ্গ টেনে বিজিএমইএর সভাপতি বলেন, আমদানি-রপ্তানি উভয় ক্ষেত্রেই এখন কনটেইনার থেকে পণ্য উধাও হয়ে যাচ্ছে। এ জন্য বিদেশি ক্রেতা-বিক্রেতারা আমাদের ওপর ৪০০ শতাংশ পর্যন্ত জরিমানা করছে। তিনি পণ্য লোপাটের কয়েকটি উদাহরণও তুলে ধরেন।এ পর্যায়ে বন্দর চেয়ারম্যান বলেন, ‘পণ্য চুরির বিষয়টি আমার জানা ছিল না।’ এ সময় মুখ্য সচিব চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, বন্দরের নিরাপত্তা কে দেখেন, তাঁকে জিজ্ঞেস করুন। জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, নিরাপত্তা বিভাগের পরিচালক ছুটিতে আছেন। এরপর মুখ্য সচিব পরিবহন বিভাগের পরিচালক কোথায় জানতে যান। বন্দর চেয়ারম্যান বলেন, তিনিও ছুটিতে। মুখ্য সচিব তখন বলেন, ‘আপনার পরিচালকদের ঈদের ছুটি শেষ হবে কবে?’এ প্রসঙ্গে সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত জেটি এলাকা থেকে এভাবে পণ্য উধাও হয়ে যাওয়ার অনেক ঘটনা এখন ঘটছে, যা আগে ছিল না। এটা বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’বৈঠকে চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি এস এম আবু তৈয়ব বন্দর শ্রমিকদের একটি নীতিমালার আওতায় আনার প্রস্তাব দিয়ে বলেন, না হলে এঁরা বন্দরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখবেন। বন্দরের কনটেইনার ওঠানো-নামানোসহ বিভিন্ন কাজের দরপত্র-পুনঃ দরপত্রে সময়ক্ষেপণ না করে প্রয়োজনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো বিনা দরপত্রে এসব কাজ করার সুপারিশ করেন তিনি।এফবিসিসিআইয়ের প্রতিনিধি নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, চট্টগ্রাম বন্দর জনগণের ৬০০ কোটি টাকায় এনসিটি বানিয়েছে বছরে ১০ লাখ কনটেইনার ওঠানো-নামানোর সুবিধা পাওয়ার জন্য। কিন্তু এই টার্মিনাল দিয়ে এখন বছরে এক থেকে দেড় লাখের বেশি কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে প্রতিবেশী কোনো দেশকে ট্রানজিট দেওয়া তো দূরের কথা, এই বন্দর দেশের ব্যবসায়ীদের চাহিদাও পূরণ করতে পারবে না। তিনিও দরপত্র-পুনঃ দরপত্রের নামে বন্দরের বিভিন্ন কাজে সময়ক্ষেপণে ক্ষোভ প্রকাশ করেন।প্রসঙ্গত, এনসিটি ব্যবহারের জন্য প্রস্তুত হয় আড়াই বছর আগে। কিন্তু মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির নির্দেশ ও সুপারিশে বারবার দরপত্র-পুনঃ দরপত্র আহ্বান করা হচ্ছে। একই অবস্থা চলছে ছয়টি কনটেইনার জেটির দরপত্র আহ্বান নিয়ে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাপক সংস্কারকাজ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরে জাহাজের গড় অবস্থানকালীন সময় আড়াই দিনে নামিয়ে আনা হয়। গত চার-পাঁচ মাসে তা ক্রমাগত বেড়ে এখন সাড়ে পাঁচ থেকে ছয় দিন হয়েছে। এ নিয়েও ব্যবসায়ীরা বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন।সবার বক্তব্য শুনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসব সমস্যা সমাধানে কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের কিছু কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তিনি এ ব্যাপারে দায়িত্ব দিয়ে এবং সময়সীমা বেঁধে দিয়ে কাজ করতে নৌসচিবকে নির্দেশনা দেন। বন্দরে জাহাজের গড় অবস্থানের সময় দ্রুত কমিয়ে আনা, চুরির ঘটনা বন্ধসহ কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন তিনি।মুখ্য সচিব আবদুল করিম প্রথম আলোকে বলেন, বৈঠকে বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্দরকে আরও গতিশীল করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।