চট্টগ্রাম বলেই জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই বাংলাদেশের অনুকূলে। খেলা হচ্ছে এমন এক মাঠে, যেখানে সর্বশেষ চার ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। সব মিলিয়ে এ মাঠে ১২টি ওয়ানডে খেলে ৭টিতেই জয়। অন্যদিকে প্রতিপক্ষ পাকিস্তান দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটা চর্মচক্ষে দেখল কালই প্রথম।একটু পেছন ফিরে তাকালে এই আত্মবিশ্বাসটা কিন্তু আর থাকে না। আজ সেই সিরিজের তৃতীয় ওয়ানডে, যে সিরিজের প্রথম দুই ওয়ানডে আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মিসবাহ-উল-হকের দলের কাছে লজ্জায় ডুবেছে বাংলাদেশ। খামোখা মাঠটাকে নিয়ে বাজি ধরে আশার বসতি গড়া অর্থহীন। তার ওপর মাঠের মতো মাঠের বাইরেও দলের পরিবেশ হয়ে পড়েছে টালমাটাল।অনুশীলনে কুঁচকিতে চোট পেয়ে ইমরুল কায়েস খেলতে পারছেন না এই ম্যাচ, সংশয়াচ্ছন্ন ৯ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্টটাও। সঙ্গে কাল যোগ হয়েছিল তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা। বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট কর্মকর্তাদের ‘টপ সিক্রেট’ এক সভায় তাঁকে বাদ দেওয়া নিয়ে কথা হয়েছে শুনে তামিমই নাকি সরে যেতে চেয়েছিলেন আজকের ম্যাচ থেকে! যদিও কাল রাতে টিম মিটিং শেষে জানা গেছে তামিম শেষ পর্যন্ত খেলছেন। ইমরুলের না খেলার সুবাদে দলে ফিরছেন নাঈম ইসলাম অথবা অলক কাপালি। এ ছাড়া টেস্টের জন্য পেসার রুবেল হোসেনকে বিশ্রাম দিয়ে নাজমুল হোসেনকে খেলানোরও চিন্তা আছে। নাজমুলের একটু জ্বর জ্বর ভাব থাকায় কাল পর্যন্ত পরিণতি পায়নি এই সম্ভাবনাটিও। দল চূড়ান্ত হবে আজ সকালে।মাঠ এবং মাঠের বাইরে এত বিষণ্নতার মধ্যে আত্মবিশ্বাসী থাকা কঠিন। কাল অনুশীলনের ফাঁকে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ তবু আশাবাদী হতে বললেন। আশার বীজ রোপিত ওই পয়মন্ত মাঠেই, ‘এখানে আমাদের কিছু ভালো স্মৃতি আছে যেগুলো আত্মবিশ্বাস বাড়াবে। চেষ্টা করব ব্যাটিংয়ের ভুলগুলো এই ম্যাচে শোধরাতে। আশা করি, ভালো কিছু হবে। সবাই তো বলে এটা আমাদের সৌভাগ্যের মাঠ।’তবে মাহমুদউল্লাহও জানেন, কেবল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ বলেও জিতে আসা কঠিন। তার ওপর সময়ের স্রোত পুরোপুরি বিপরীতে, ‘যখন কোনো কিছুই আপনার পক্ষে যাবে না, নিজের চেয়ে বড় মোটিভেটর তখন আর কিছু হতে পারে না। আমরা চেষ্টা করছি, একসঙ্গে বসে কথা বলছি। ইনশাআল্লাহ, কাল (আজ) এটার প্রতিফলন দেখা যাবে।’ এই সিরিজে মাহমুদউল্লাহর নিজের পারফরম্যান্সও বেশ ধূসর। টি-টোয়েন্টিতে করেছেন ২ রান, বল হাতে উইকেটশূন্য। প্রথম দুই ওয়ানডেতে ১ আর অপরাজিত ২০ রান, বল করেননি। তবে গত ম্যাচের পর নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারেও আশাবাদী শোনাল সহ-অধিনায়কের কণ্ঠ।দুই ম্যাচ হেরে যদি বাংলাদেশ এতটা আশাবাদী হতে পারে, পাকিস্তানের আত্মবিশ্বাসটা ভাবুন! অধিনায়ক মিসবাহ-উল-হক যতই বলুন, তাদের জন্য সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ, আজ গত ম্যাচগুলোতে খেলা অনেকেই বিশ্রাম পেতে পারেন। সংবাদমাধ্যমের সঙ্গে বলা মিসবাহর কথাতেই মিলেছে সে আভাস, ‘আমরা সবাইকেই সুযোগ দিতে চাই। আমরা চাই, অধিকাংশ খেলোয়াড় যেন খেলতে পারে। তবে জয়টাই যেহেতু সবার আগে, দলের মধ্যে ভালো একটা সমন্বয়ও থাকতে হবে।’ সেই সমন্বয়টা হয়ে গেলে নতুন মাঠও কোনো সমস্যা নয় পাকিস্তান অধিনায়কের জন্য। এ মাঠে বাংলাদেশের অতীত সাফল্য নিয়ে ভাবার চেয়ে নিজেদের বর্তমানটার ওপরই জোর দিচ্ছেন মিসবাহ।বাংলাদেশের জন্য ব্যাপারটা ঠিক উল্টো। পুরোনো সাফল্যে আশ্রয় নিয়েই দলটা বর্তমানের তিক্ততা দূর করতে চাইছে। কাল নেট প্র্যাকটিস সেরে ড্রেসিংরুমে ফেরার পথে অধিনায়ক মুশফিকুর রহিমও বলে গেলেন, ‘আমি আত্মবিশ্বাসী...।’—এত কিছুর পরও?হয়তো ম্যাচটা চট্টগ্রামে বলেই।