চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত নগর ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে আগুন ধরানোর সময় তাঁরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে। ছাত্রদলের কমিটি ঘোষণার পর কয়েক দিন ধরে পদবঞ্চিত ক্ষুব্ধ একটি অংশ বিক্ষোভ করে আসছিল। নতুন কমিটিতে বিবাহিত ও অছাত্রদের রাখা হয়েছে, অভিযোগ এনে তাঁরা শুরু থেকেই বিক্ষোভ করে আসছিলেন। আজ দুপুরে প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী নাসিমন ভবনের সামনে জড়ো হন এবং মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কর্মীরা কার্যালয়ের কয়েকটি চেয়ার ও টেবিলে আগুন ধরিয়ে দেন।আগুন লাগানোর সময় দলীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর পুলিশের অবস্থান ছিল। ঘটনার পর পর পুলিশ নাসিমন ভবনের সামনে থেকে একজনকে আটক করে। পরে কাজীর দেউড়ি মোড় থেকে আরও ছয়জনকে আটক করে। প্রত্যক্ষদর্শী ছাত্রদলের কর্মী মোহাম্মদ রফিক বলেন, ‘দলীয় কিছু কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসও অংশ নেয়। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বলেন, ‘দলীয় কার্যালয়ে আগুন লাগানো কোনোভাবে সমর্থন করা যায় না। ওদের দাবি থাকলে কেন্দ্রের কাছে কিংবা মুরুব্বিদের জানাতে পারে।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছি।’প্রসঙ্গত, গত রোববার রাতে ঢাকা থেকে ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির বেশির ভাগ নেতা বিবাহিত এবং অছাত্র। এ কারণে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিবাহিতদের বাদ দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন।ছাত্রদলের নতুন কমিটির সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএনপির কার্যালয়ে আগুন লাগানোর ঘটনার জন্য দলের ভেতর ঘাপটি মেরে থাকা সরকারের এজেন্টরা দায়ী। ওরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। ২০-২২টি চেয়ার ও টেবিলে আগুন দিয়েছে।’ গাজী সিরাজ আরও বলেন, ‘খালেদা জিয়া যেই মুহূর্তে সরকার পতনের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন, তখনই এ ধরনের নাশকতার সঙ্গে দলের কেউ জড়িত থাকতে পারে না।’ গাজী সিরাজের বক্তব্য প্রত্যাখ্যান করেন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের কর্মী আবু তাহের। তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর হয়নি। এটা ডাহা মিথ্যা কথা। জিয়ার সৈনিকেরা এসব করতে পারে না। তবে ক্ষুব্ধ ছাত্ররা কমিটি ভেঙে দেওয়ার দাবিতে কিছু চেয়ার-টেবিলে আগুন দিয়েছে।’আবু তাহের আরও বলেন, ‘ঢাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদল একপেশে কমিটি চাপিয়ে দিয়েছে, যাদের আট-নয়জনই বিবাহিত ও সন্তানের জনক। তাঁদের মধ্যে ১০ জনের ছাত্রত্ব নেই। যেই কমিটির ১১ জনের মধ্যে ১০ জনই অছাত্র, তাঁদের দিয়ে কীভাবে আবার ছাত্রদল হয়?’ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, ‘বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন তাঁর পছন্দের লোকদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনে ভূমিকা রাখেন। এতে নগর বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের পরামর্শ নেওয়া হয়নি। নতুন কমিটিতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরাও বাদ পড়েছেন। এতে আমীর খসরুর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে, যা আমরা দর্শক হিসেবে দেখেছি।’ এ ব্যাপারে শাহাদাত্ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।