সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির ডাকা হরতাল সফল করতে খোদ দলের শীর্ষস্থানীয় নেতারা আন্তরিক ছিলেন না বলে অভিযোগ উঠেছে। অতীতে দলের হরতালসহ নানা কর্মসূচিতে চট্টগ্রামের নেতারা আলাদা হলেও অনুসারীদের নিয়ে রাস্তায় নামতেন। কিন্তু এই হরতালের চিত্র ছিল ভিন্ন। এমনকি হরতালের পর গতকাল বুধবার পর্যন্ত সাকার মুক্তির দাবিতে চট্টগ্রামে কোনো সভা-সমাবেশ বা মিছিল হয়নি।দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গত বৃহস্পতিবার হরতাল ডেকেই ঢাকায় চলে যান। আসেন শনিবার রাতে। রোববার হরতাল চলাকালে কেবল আমীর খসরু সমর্থকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ বাধা দিলে তিনি নেতা-কর্মীদের নিয়ে বাসায় চলে যান। কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও এম মোরশেদ খান ওই সময় দেশে ছিলেন না। মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ওই দিন চট্টগ্রামে থাকলেও হরতালে সক্রিয় ছিলেন না। যোগাযোগ করা হলে মীর নাছির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী বলেন, ‘পুলিশের ব্যাপক ধরপাকড়ের কারণে নেতা-কর্মীরা হরতালের দিন মাঠে নামতে পারেননি।’ আবার নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘সাকা চৌধুরীকে দলের অনেক নেতা-কর্মী অপছন্দ করেন। এ কারণে হয়তো তাঁরা হরতালের দিন মাঠে ছিলেন না।’ তিনি বলেন, ‘সাকার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সত্য হলে এর বিচার অবশ্যই হওয়া উচিত।’ হরতালে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা আন্তরিক না থাকায় সাকা চৌধুরী নিজেও ক্ষোভ প্রকাশ করেন। সাকা আশা করেছিলেন, তাঁর মুক্তির জন্য বিএনপি দেশব্যাপী বড় কর্মসূচি দেবে। তাঁর মুক্তির আন্দোলন জোরালো হবে। কিন্তু দলীয়ভাবে এসব কিছুই না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। সাকাকে জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘তাঁর মুক্তির দাবিতে দলীয় কর্মসূচির ছক দেখে সাকা চৌধুরী হতাশা ব্যক্ত করেন।’ ১৬ ডিসেম্বর ভোরে সাকা চৌধুরীকে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একাত্তরে রাউজানের নূতনচন্দ্র সিংহ হত্যা মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে রাউজানের উনসত্তরপাড়ায় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আছে।বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাকার গ্রেপ্তার দল নয়, একজন বিতর্কিত নেতার ওপর সরকারের আঘাত। এ কারণে তাঁর মুক্তির দাবিতে ডাকা হরতালে চট্টগ্রামে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সরব ছিলেন না। এমনকি এ ধরনের হরতাল সফল করতে আগের দিন দলীয় কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করার যে রেওয়াজ আছে, সে ধরনের কোনো বৈঠকও হয়নি। বিএনপির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অসত্য নয়, এ কারণে তাঁর গ্রেপ্তারের খবরে নেতা-কর্মীরা বিচলিত হননি। আমাদের বেশির ভাগ নেতা-কর্মী মনে করেছেন, তাঁর গ্রেপ্তার হওয়ার বিষয়টি দলের ওপর নয়, ব্যক্তির ওপর আঘাত।’বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী মনে করেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে হত্যাকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ রয়েছে। দেশ স্বাধীন হওয়ার নয় বছর পর ১৯৭৯ সালে তিনি রাজনীতিতে অংশ নেন এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হন। এরশাদের জাতীয় পার্টির আমলে তিনি মন্ত্রী হন। তখন তাঁর দাপট আরও বেড়ে যায়। তাঁর মদদেই রাউজান ও আশপাশের এলাকায় একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটতে থাকে।দলীয় সূত্র আরও জানায়, সাকা চৌধুরী নানা সময় বল্গাহীন কথাবার্তা বলে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন। খোদ দলীয় নেত্রী খালেদা জিয়া সম্পর্কে তিনি মন্তব্য করে বলেছিলেন, ‘সব সময় দেখে আসছি, কুকুর লেজ নাড়ায়। এখন দেখছি, লেজে কুকুর নাড়াচ্ছে।’ এই মন্তব্যের কারণে তাঁকে ওই সময় দল থেকে বহিষ্কার করা হয়। ২০০১ সালের অক্টোবরের জাতীয় নির্বাচনের আগমুহূর্তে তাঁকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। নির্বাচনে জিতে তিনি ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন।সাকার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি গ্রেপ্তার হচ্ছেন, এমন আভাস অনেক আগেই পেয়েছিলেন। তাই তিনি অক্টোবর ও নভেম্বরের বেশির ভাগ সময় চট্টগ্রামের পৈতৃক নিবাস গুডস হিলের বাসায় কাটান। তাঁর সঙ্গে সব সময় শতাধিক অনুসারী ছিলেন, যাতে তিনি গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়। একপর্যায়ে তিনি ঢাকায় চলে যান।