চট্টগ্রাম বিভাগে আ.লীগের কর্মশালা ১২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের জেলা ও থানা পর্যায়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের কর্মশালা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই কর্মশালা সফল করার জন্য কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি প্রক্রিয়াও শুরু করেছেন।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই অংশের পরস্পরবিরোধী অবস্থান যখন আরও প্রকাশ্য হয়েছে, সে সময়ে এ কর্মশালা হচ্ছে।আওয়ামী লীগের সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম গত বুধবার মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি চট্টগ্রাম বিভাগে দলের জেলা ও থানা শাখার প্রচার ও প্রকাশনা এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের কর্মশালা সফল করতে মহিউদ্দিনকে পরামর্শ দেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথাও তাঁকে জানানো হয়। এর আগে কর্মশালার ব্যাপারে মহিউদ্দিন চৌধুরীর কাছে চিঠি পাঠানো হয়। ১২ ফেব্রুয়ারি নগরের লেডিস ক্লাবে এ কর্মশালা হবে।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের দলীয় নেতাদের কর্মশালা ১২ ফেব্রুয়ারি হবে। কেন্দ্র থেকে চিঠি দিয়ে এবং ফোন করে মহিউদ্দিন চৌধুরীকে কর্মশালা সফল করতে বলা হয়েছে। তিনি নগর আওয়ামী লীগের সভাপতি বলেই এ দায়িত্ব পেয়েছেন। তাই আমাদের কমিটির বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা অযৌক্তিক ও দুঃখজনক।’ তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।প্রসঙ্গত, মহানগর আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরীর সমর্থক অংশের নেতারা গত ১৭ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, আবদুচ ছালাম ও ইব্রাহিম হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর চিঠি দেন। এর জবাবে অপর অংশের নেতারা ২৯ জানুয়ারি প্রতিনিধি সভা করে মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হককে তাঁদের পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন। ওই সভায় তাঁদের দুজনকে মেয়াদোত্তীর্ণ কমিটির অবৈধ নেতা বলেও অভিহিত করা হয়। ওই সভার আয়োজক ছিলেন মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত নুরুল ইসলাম ও আফছারুল আমীন। এসব নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যত বিভক্ত এবং দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছে।মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘নগর আওয়ামী লীগ দুটি পক্ষে বিভক্ত হয়ে গঠনতন্ত্রবিরোধী কাজ করছে। তবে এটাও সত্য, মহিউদ্দিন চৌধুরী কেন্দ্রের কাছে চট্টগ্রামের ডাকবাক্স। তিনি নগর আওয়ামী লীগের বৈধ সভাপতি। এ কারণে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কেন্দ্র থেকে তাঁর কাছেই চিঠিপত্র বা নির্দেশনা আসবে। সেই নির্দেশনা কমিটির সব নেতার মেনে চলা উচিত।’মহিউদ্দিন চৌধুরীকে কর্মশালার দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তাঁর বিরোধী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আগে কর্মশালা হোক, তারপর নাহয় কিছু বলব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মশালার আয়োজনকারী তথা কেন্দ্র নিশ্চয়ই আমাদের সঙ্গেও যোগাযোগ করবে।’