চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের কর্মশালা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের জেলা ও থানা পর্যায়ের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের কর্মশালা ঘোষণা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্র থেকে এ ধরনের একটি আদেশ স্থানীয় আওয়ামী লীগ পেয়েছে। ‘অনিবার্য কারণে’ কর্মশালা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।দলীয় সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে সম্পাদক পদধারীদের এই কর্মশালা হওয়ার কথা ছিল। কর্মসূচি সফল করার জন্য নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়। গত বুধবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম ফোনে কর্মশালার বিষয়টি মহিউদ্দিন চৌধুরীকে জানিয়েছিলেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণবশত কর্মশালা স্থগিত করা হয়েছে। পরে কর্মশালার দিনক্ষণ জানানো হবে।’মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত নগর কমিটির সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে কর্মশালা স্থগিত করা হয়েছে বলে শুনেছি। কেন্দ্রের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে।’দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের কোন্দলের কারণে কেন্দ্র থেকে কর্মশালা স্থগিত করা হয়েছে। নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন সভাপতি মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত। সম্প্রতি মহিউদ্দিন অনুসারীরা সভা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নুরুল ইসলাম, আফছারুল আমীনসহ চারজনকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে নুরুল ইসলাম ও আফছারুল আমীন অনুসারীরা প্রতিনিধি সভা করে নগর কমিটির সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হককে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।