চট্টগ্রাম বিমানবন্দরে ৫০টি ফ্লাইট বাতিল
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার বিকেল চারটা থেকে কাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে বাতিল করা হয়েছে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী আজকের অভ্যন্তরীণ তিনটি ফ্লাইট।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ১৮ ঘণ্টায় ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কাল সকাল ১০টায় আবার চালু হবে কি না, তা আবহাওয়ার গতিবিধির ওপর নির্ভর করবে। পরিস্থিতির অবনতি হলে বিমান চলাচল বন্ধের মেয়াদ আরও বাড়ানো হবে।এদিকে একই কারণে আজ কক্সবাজার থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ফ্লাইট তিনটি ছিল ইউনাইটেড এয়ার ওয়েজ, রিজেন্ট এয়ার ওয়েজ ও নভো এয়ার ওয়েজের।ইউনাইটেড এয়ার ওয়েজের কক্সবাজার শাখার পরিচালক নাজনীন সুলতানা ও রিজেন্ট এয়ার ওয়েজের কক্সবাজার শাখার পরিচালক জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে জানান, মহাসেনের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের তা জানিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।