চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আজ পুলিশের ব্যাপক সংঘর্ষের কারণে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর চৌধুরী এ তথ্য জানিয়েছেন।আজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন এবং ১৭টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অন্তত ৫০টি টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং ব্যাপক লাঠিপেটাও করেছে।পুলিশ ও শিক্ষার্থীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে চাকসু ভবনের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা চাকসু ভবনে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর পাল্টা হামলা করেন। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অন্তত ৫০টি টিয়ার গ্যাস শেল ও বেশ কিছু রাবার বুলেট নিক্ষেপ করে।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চাকসু ভবন, ব্যাংক, ডাকঘর, কলা ভবনের একাংশ, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন এবং সহ-উপাচার্যের গাড়িসহ অন্তত ১৭টি গাড়ি ভাঙচুর করেন।আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানান, ‘আমরা বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন দাবি মেনে নিচ্ছে না। প্রশাসনের নির্দেশে আজ পুলিশ আমাদের ওপর হামলা চালায়।’ পুলিশ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।চট্টগ্রামের পুলিশ সুপার মো. জেড এ মোর্শেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ভাঙচুরে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।উল্লেখ্য, বেতন-ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা আজও আন্দোলন শুরু করেন।