চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ১৫
বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আজ সোমবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও ১১টি গাড়ি ভাঙচুর করেছেন। পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অন্তত ৫০টি টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপসহ ব্যাপক লাঠিপেটা করেছে। বেলা একটা পর্যন্ত শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চলে।পুলিশ ও শিক্ষার্থীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে চাকসুর সামনে জড় হন। শিক্ষার্থীরা চাকসু ভবনে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর পাল্টা হামলা করেন। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অন্তত ৫০ রাউন্ড টিয়ার গ্যাস ও বেশ কিছু রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চাকসু ভবন, ব্যাংক, ডাকঘর, কলাভবনের একাংশ, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন এবং সহ-উপাচার্যের গাড়িসহ অন্তত ১১টি গাড়ি ভাঙচুর করেন।যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আন্দোলনকারী ছাত্র এস এম আলাউদ্দিন বলেন, ‘আমরা বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন দাবি মেনে নিচ্ছে না। প্রশাসনের নির্দেশে আজ পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।’ পুলিশ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।চট্টগ্রামের পুলিশ সুপার মো. জেড এ মোর্শেদ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ শিক্ষার্থীদের ভাঙচুরে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।উল্লেখ্য, বেতন-ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা আজও আন্দোলন শুরু করেন।