চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি এবং শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল থেকে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ, ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ে আজ কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে চট্টগ্রাম শহর থেকে দুটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়। ট্রেনে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গেলেও তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মিছিল-সমাবেশে করেন। তাঁরা উপাচার্যের কার্যালয় ও প্রশানসিক ভবন অবরোধ করে রেখেছেন। হাটাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন আছে। প্রসঙ্গত, বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখা দেয়। বিক্ষোভের একপর্যায়ে একজন শিক্ষক লাঞ্ছিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজন কান্তি দেকে দুই বছরের জন্য বহিষ্কার এবং ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচ ছাত্রকে কারণ দর্শাও নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ঘটনা ও বেতন বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা আজ থেকে সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।