চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের ধর্মঘট সাময়িক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি। আজ বুধবার বিকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মো. আশিকুল্লাহ ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।এ ব্যাপারে হাফেজ মো. আশিকুল্লাহ বলেন, ‘উপাচার্যের কাছে আমরা পাঁচ দফা দাবি পেশ করেছি। উপাচার্য আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করেছেন এবং ক্রমান্বয়ে তা পূরণের আশ্বাস দিয়েছেন। আজ সকালে উপাচার্য সিলগালা করে রাখা শাহ আমানত হল খুলে দিয়ে আমাদের আশ্বাস কিছুটা পূরণ করেছেন। এ কারণে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’ তবে সব দাবি পূরণ করা না হলে আবার ধর্মঘট ডাকা হবে বলে জানান তিনি।উপাচার্যের কাছে ছাত্রশিবিরের দাবিগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের সিলগালা থাকা শাহ আমানত হল খুলে দেওয়া, শিবিরের নিহত দুই কর্মীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, গ্রেপ্তারকৃত ছাত্রশিবিরের সভাপতি ও অন্যান্য নেতা-কর্মীর মুক্তিদান, সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও পুলিশি হয়রানি বন্ধ করা।প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুই ছাত্রকে নিজেদের কর্মী দাবি করে তাঁদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত ১৮ মার্চ থেকে অবরোধ পালন করছে শিবির। এর আগে দুই ছাত্র নিহত হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ৩৮ দিন পর ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও শিবিরের অবরোধের কারণে শিক্ষার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।