চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক সপ্তাহ পর খুলেছে
এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। ক্যাম্পাস খুললেও ভয় কাটেনি বেশির ভাগ শিক্ষার্থীর। আজ ক্যাম্পাস খোলার প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বেশির ভাগ বিভাগেই ক্লাস হয়নি। রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছিল।আজ সকালে বটতলী ও ষোলশহর স্টেশন থেকে দুটি শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়। ক্যাম্পাসের ঝুপড়ি (ফ্যাকাল্টির সামনে চায়ের দোকান) ও স্টেশন চত্বরে ছাত্রলীগ নেতাদের জড়ো হতে দেখা গেছে। তবে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি।১১ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর স্টেশনে মুখোশধারী সন্ত্রাসীরা রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের পর সহিংস ঘটনার আশঙ্কায় পরের দিন ১২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের ভেতরে অন্তত কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। নির্ভয়ে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান করছি।’প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জোর চেষ্টা চলছে। এক সপ্তাহের বন্ধে ৩৬ বিভাগের ৪০টি ব্যাচের পরীক্ষা আটকে গেছে। এসব ব্যাচের পরীক্ষা শিগগিরই নেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে বিভাগীয় শিক্ষকেরা জানিয়েছেন।