চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাল খুলছে
টানা ১১ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা কাল শনিবার শুরু হচ্ছে। এ জন্য ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, কাল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম চালু হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ও নগরে চলাচলকারী শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগ-সমর্থিত বিভিন্ন পক্ষের মধ্যে গত ২৯ ও ৩০ এপ্রিল তিন দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে আট ছাত্র আহত হয়। ঘটনায় জড়িত থাকার দায়ে ১১ জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। ১ মে কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত ঘোষণা করে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ও নগরে চলাচলকারী শাটল ট্রেনের বগির ভেতর-বাইরের সব নাম রং দিয়ে মুছে দিয়েছে। সেখানে বগিভিত্তিক দলবাজি নিরুত্সাহিত করতে বিভিন্ন স্লোগান লেখা হবে। বগিভিত্তিক সংগঠনগুলোর তত্পরতা বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর আকতার হোসেন।সন্ত্রাসবিরোধী মিছিল: ছাত্রলীগের একটি পক্ষ কাল শনিবার সকালে ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মিছিল করবে বলে জানা গেছে। ছাত্রলীগ কর্মী মো. সাইফুল আলম প্রথম আলোকে জানান, গত ৩০ এপ্রিল কাজী তানজিম হোসেনসহ তিন ছাত্রলীগ কর্মীর ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ করা হবে।